আলাউদ্দিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে গতকাল দুপুরে আলাউদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে গতকাল দুপুরে আলাউদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আলাউদ্দিন খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আলাউদ্দিনকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী নাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলা বিভাগের সভাপতি মহীবুল আজিজ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাঈদ, সহকারী অধ্যাপক প্রকাশ দাশগুপ্ত, মোহাম্মদ ফখরুল ইসলাম, লোকমান কবির, আলাউদ্দিনের সহপাঠী সামিয়া খানম, মো. ইমরান ফারুক প্রমুখ।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর এলাকায় একটি বাসা ভাড়া নেওয়ার নাম করে ঘরে ঢোকেন এক তরুণীসহ চারজন। বাড়ির তত্ত্বাবধায়ককে জানান, বাসা তাঁদের পছন্দ হয়েছে। এখন থেকেই থাকতে চান তাঁরা। এতে রাজি হয়ে যান তত্ত্বাবধায়কও। এর তিন ঘণ্টার মধ্যে একে একে বাসা থেকে বেরিয়ে যান তরুণীসহ তিনজন। চতুর্থজনের (আলাউদ্দিন) লাশ পাওয়া যায় বাসার টয়লেটে হাত-পা বাঁধা অবস্থায়।