আলাউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে দুই মামলা
ইয়াবা ব্যবসায়ী আলাউদ্দিনসহ গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার র্যাব-৭ চট্টগ্রামের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে নগরের হালিশহর থানায় দুটি মামলা করেন।
বৃহস্পতিবার রাতে নগরের হালিশহর মধ্যরামপুর ও গাজীপুরের টঙ্গী থেকে ২ লাখ ১৫ হাজার ৩১৪ ইয়াবা বড়ি, ইয়াবা বিক্রির নগদ ১৮ লাখ ৯৯ হাজার ৬০ টাকা, বিভিন্ন ব্যাংকের আটটি চেক বই, গাড়ি, অস্ত্র, গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবীর প্রথম আলোকে গতকাল সন্ধ্যায় বলেন, আলাউদ্দিনকে আসামি করে অস্ত্র আইনে একটি এবং আলাউদ্দিন ও তার পাঁচ সহযোগীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে র্যাব।
ওসি জানান, দুই মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদ করতে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হবে আদালতে। ছয় আসামিকেই আজ আদালতে হাজির করা হবে।