খুলনার ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন ওরফে মিঠুর ওপর বোমা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।এদিকে আলাউদ্দিনের ওপর হামলার ঘটনায় গতকাল আনোয়ারা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে।সরদার আলাউদ্দিন খুলনা বিভাগীয় ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে গত শনিবার বিকেলে ব্যক্তিগত জিপে চড়ে বাড়ি ফেরার পথে নগরের পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে বোমা হামলার শিকার হন। এতে তিনি ও তাঁর শিশুপুত্রসহ আটজন আহত হন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম। লিখিত বক্তব্যে বলা হয়, একসময় খুলনা ছিল হত্যা-সন্ত্রাসের রাজ্য। বিগত বিএনপি তথা চারদলীয় জোট সরকারের আমলে শক্ত হাতে খুলনাসহ সারা দেশ থেকে সন্ত্রাস নির্মূল করা হয়। বর্তমান সরকারের আমলে নতুন করে সন্ত্রাসকে রাষ্ট্রীয় মদদ দেওয়ায় আবারও সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। গত কয়েক দিনে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তা-ই প্রমাণ করে।সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা মনে করি, আলাউদ্দিনকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যার চেষ্টাকারী, পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, মদদদাতাসহ জড়িত সবার নাম-পরিচয় বের করা সম্ভব হবে।’সংবাদ সম্মেলনে আলাউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা দাবি করা হয় এবং বেঁধে দেওয়া সাত দিনের মধ্যে আলাউদ্দিনের ওপর হামলাকারীদের মুখোশ উন্মোচন করতে না পারলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম নুরুল ইসলাম, জাতীয় কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী, জেলা বিএনপির সহ-সভাপতি গাজী আবদুল বারী, জাতীয় কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীর এজাজ খান প্রমুখ।এক নারী আটক: নাম প্রকাশ না করার শর্তে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আলাউদ্দিনের ওপর হামলার ঘটনায় খান জাহান আলী এলাকায় হামলাস্থলের পার্শ্ববর্তী একটি বাড়ির গৃহিণী আনোয়ারাকে গতকাল সকালে ডিবি পুলিশ আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র আরও জানায়, আলাউদ্দিনের ওপর হামলার দিন বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত হামলাকারীরা আনোয়ারার বাড়িতে ছিল। আনোয়ারা তাদের দুপুরের খাবার খাওয়ান বলেও তথ্য পাওয়া গেছে। আনোয়ারার পরিবারের এক সদস্য হামলায় অংশ নেন বলেও অভিযোগ রয়েছে।