আলাদা আদালত না থাকায় বিলম্বিত হচ্ছে বিচারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শিশু অপরাধের মামলার বিচারের জন্য আলাদা আদালত নেই। নির্ধারিত আদালত না থাকায় শিশুদের বিচারকাজ চলছে প্রাপ্তবয়স্কদের সঙ্গে। এতে মামলাজটে পড়ে বিলম্বিত হচ্ছে শিশু অপরাধের মামলাগুলোর বিচার।
শিশু আইনের ১৬(১) ধারায় আছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এবং উহার অধীন অপরাধ বিচারের জন্য প্রত্যেক জেলা সদরে এবং ক্ষেত্রমত মেট্রোপলিটন এলাকায় কমপক্ষে একটি আদালত থাকবে, যা শিশু আদালত হিসেবে অভিহিত হবে। আইনের ১৬(২) ধারায় আছে, আইন ও বিচার বিভাগ, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রত্যেক জেলা এবং ক্ষেত্রমত মেট্রোপলিটন এলাকার এক বা একাধিক অতিরিক্ত দায়রা জজ এর আদালতকে শিশু আদালত হিসেবে নির্ধারণ করবে।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, শিশু অপরাধের মামলার বিচারের জন্য নির্দিষ্ট আদালত না থাকায় বিভিন্ন আদালতে মামলাগুলোর কার্যক্রম চলছে।
শিশু আইনের ৩২(১) ধারায় আছে, শিশুকে আদালতে প্রথম হাজির করার পর ৩৬০ দিনের মধ্যে মামলার কার্যক্রম শেষ করতে হবে। তবে যদি ঐ সময়সীমার মধ্যে বিচারকাজ শেষ করা না যায় সেক্ষেত্রে আরও ৬০ দিন সময়সীমা বর্ধিত করা যাবে।
সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রামের আদালতে ৪০টির মতো শিশু অপরাধের মামলার কার্যক্রম চলছে।
এ বিষয়ে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শিশু অপরাধের মামলা সংখ্যায় কম। তাই আলাদা শিশু আদালত থাকলে অনেক অল্প সময়ের মধ্যে এ মামলাগুলোর নিষ্পত্তি সম্ভব হতো। কারণ দায়রা আদালতগুলোকে দেওয়ানি ও ফৌজদারি মামলাও দেখতে হয়। প্রতিটি আদালতেই এসব মামলার জট লেগে আছে। ফলে চাইলেও কোনো আদালতের পক্ষে শিশু অপরাধের মামলাগুলোর বিচারকাজ একটানা করা সম্ভব হয় না।
জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, বিচারাধীন মামলাগুলোর ১৬ জন শিশু আসামিকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, শিশু অপরাধের মামলার বিচারকাজ নির্দিষ্ট আদালতের ওপর ন্যস্ত করতে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের পক্ষ থেকে গত বছরের মে মাসে মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।