আলাদা ইউপির দাবিতে আন্দোলনে যাচ্ছেন বিলুপ্ত ছিটবাসী
পঞ্চগড়ে সদ্য বিলুপ্ত ৩৬টি ছিটমহল এলাকাকে পাশের ইউনিয়ন পরিষদের (ইউপি) সঙ্গে অঙ্গীভূত করার আদেশ বাতিল করে ওই সব এলাকায় পাঁচটি আলাদা ইউপি গঠনের দাবিতে মাঠে নামছেন সাবেক ছিটবাসী। এ নিয়ে তাঁরা সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিলুপ্ত ছিটবাসীর সংগঠন নাগরিক অধিকার সমন্বয় কমিটির নেতারা পঞ্চগড় প্রেসক্লাবে এক সভায় মিলিত হয়ে এ কর্মসূচি ঘোষণা করেন। এতে কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলার সভাপতি মফিজার রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পঞ্চগড় জেলা কমিটির সদস্য আলতাফুর রহমান, সফিকুল ইসলাম, তছলিম উদ্দীন, আবদুল খালেক, রাব্বুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত পুটিমারী ছিটমহল এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেওয়া হয়। এ ছাড়া আগামী মঙ্গলবার পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও বৃহস্পতিবার প্রতিটি ছিটমহল এলাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়।
গত মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসের প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সদরের বিলুপ্ত গারাতি ছিটমহলের আমবাড়ি, ঝেচুপাড়া, পশ্চিম শালবাগান, পূর্ব শালবাগান, ঝাকুয়াপাড়া ও হুদুপাড়াকে হাফিজাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে; কানাপাড়া, বাটুভিটা, নারায়ণপাড়া, বংশিঝাড় ও ঠেকরপাড়াকে ২ নম্বর ওয়ার্ডে এবং জিন্নাপাড়া, পূর্ব হালুয়াপাড়া, ডাবরভাঙ্গা, ইয়ারপাড়া ও পশ্চিম হালুয়াপাড়াকে হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে কারও আপত্তি, পরামর্শ বা মতামত থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি বা পরামর্শ পাওয়া না গেলে সীমানা বিভক্তির ওই সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুল আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সীমানা নির্ধারণ কর্মকর্তারা সীমানা বিভক্তিকরণের ওই বিজ্ঞপ্তি জারি করেছেন।