নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ওয়ার্ড না থাকায় এর বারান্দায় রাখা হচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।বারান্দার মেঝেতে ঠাঁই নেওয়া ডায়রিয়ায় আক্রান্ত রোগী রিজিয়া বেগম (৬৫) বলেন, ‘বারান্দায় কোনো ফ্যান নেই। গরমে ছটফট করছি। ধুলাবালি উড়ছে। ঝাড়ু দেওয়া হয় না। বাতিও নেই। এ রকম জায়গায় ভালো মানুষও রোগী হয়ে যায়।’ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের ডায়রিয়ায় আক্রান্ত রোগী বাসার খান (৫০) বলেন, ‘হাসপাতালের বেড খালি আছে, অথচ ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের বারান্দায় রাখা হচ্ছে। বিষয়টি আগে জানতাম না। তাই বিছানা আনিনি। বিছানা ছাড়াই থাকতি হচ্ছে।’লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ার জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই। আর ডায়রিয়া সংক্রামক রোগ হওয়ায় এতে আক্রান্ত ব্যক্তিদের বারান্দায় রাখা হচ্ছে।