আলাদা কিছুর কদরে মণিপুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসব-পার্বণ সমাগত হলে মণিপুরি কাপড় বিশেষ কদর পায়। এবার ঈদেও দেখা গেছে সেই কদর। দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দারা সিলেটিদের কাছে মণিপুরি কাপড় উপহার হিসেবে পাওয়ার প্রত্যাশা করেন। যেন ঈদে আলাদা কিছু মানে মণিপুরি কাপড়।
ঈদ উপলক্ষে এরই মধ্যে সিলেটের মণিপুরি দোকানগুলোতে হরেক নকশা ও বৈচিত্র্যের কাপড়ের সমাহার দেখা যাচ্ছে। ঈদের কেনাকাটায় জায়গা করে নিয়েছে মণিপুরি শাড়ি। তুলনামূলকভাবে এসব কাপড়ের দাম কম হওয়ায় সব ধরনের মানুষের কাছে এগুলো অনেকটাই সহজলভ্য বলে বিক্রেতারা জানিয়েছেন।
সাধারণত সিলেটে বেড়াতে আসা লোকজনের যাতায়াতকেন্দ্রিক এলাকাগুলোর কাপড়ের দোকানগুলোতে মণিপুরি শাড়িসহ আলাদা বৈশিষ্ট্যের পোশাক মেলে।
নগরের লামাবাজারে মণিপুরি কাপড়ের বড় বাজার। সেখানে কেবল মণিপুরি কাপড়ের কমপক্ষে ৫০টি দোকান রয়েছে। ঈদ উপলক্ষে নানা রং ও নতুন নকশায় সমৃদ্ধ শাড়ি, থ্রি-পিস, চাদর, বেডকভার, ফতুয়া, ব্লাউজ পিস, শিশুদের কাপড়সহ নানা ধরনের মণিপুরি হস্তশিল্পের পসরা বসিয়েছেন বিক্রেতারা।
‘সিলেট মণিপুরি শাড়ি ঘর’-এর ব্যবস্থাপনা পরিচালক মিহির রঞ্জন দাশ জানান, মণিপুরি কাপড়গুলো উন্নতমানের মিহি সুতা দিয়ে তৈরি। এসব কাপড় তৈরিতে মণিপুরিরা নিজেদের উদ্ভাবিত সুতা ও নিপুণশৈলী ব্যবহার করে থাকেন। কাপড়ের বৈচিত্র্য ও আধুনিকতার মিশেল থাকায় সহজেই তা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে।
ঈদ উপলক্ষে নানা ধরনের নতুন নকশা করা কাপড় বাজারে এসেছে। এসব কাপড়ের মধ্যে শাড়ি ৭০০ টাকা থেকে তিন হাজার টাকা, থ্রি-পিস ৪০০ থেকে ৮০০, বেডকভার ৩৫০ থেকে দুই হাজার ৫০০, ফতুয়া ২০০ থেকে ৩৫০, ওড়না ১৫০ থেকে ৫০০, শিশুদের জামা ১৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
‘প্রান্ত প্রত্যয়’ মণিপুরি হস্তশিল্পের বিক্রয়কর্মী মঙ্গলা দেবী বলেন, ‘শাড়ির চাহিদাই ব্যাপক। ঈদের কেনাকাটায় এখন পর্যন্ত শাড়ি বিক্রিই তুলনামূলকভাবে বেশি হচ্ছে।’
ক্রেতারা জানান, নিজস্ব ঐতিহ্য বিবেচনায় ঈদে চাহিদার শীর্ষে রয়েছে শাড়িসহ নানা রকম পোশাক-আশাক।
দৃষ্টিনন্দন নকশা ও সুতায় দেশীয় ঐতিহ্যের মিশেলে তৈরি হওয়ায়, বিশেষ করে ঈদের উপহার হিসেবে শাড়ির কদর আলাদা বলে একাধিক ক্রেতা জানিয়েছেন।
ঈদ উৎসবে কদর বাড়ায় নিজস্ব সংস্কৃতিসচেতন মণিপুরি সম্প্রদায়ের লোকজন আনন্দিত। তাঁরা জানিয়েছেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা এবং সিলেট শহরের মণিপুরি রাজবাড়ি, শিবগঞ্জসহ কয়েকটি এলাকায় মণিপুরি সম্প্রদায়ের বিপুলসংখ্যক লোক বসবাস করছেন। এঁদের প্রায় ৮৫ ভাগ সদস্যই মণিপুরি তাঁতশিল্পের সঙ্গে সম্পৃক্ত।