শেওড়াপাড়া বাসস্ট্যান্ড। নিজের গন্তব্যের বাস দেখলেই হাত নাড়ছেন শায়লা মাহমুদ। কিন্তু কোনো বাসই থামছে না। সকাল ৮টা ৫২ মিনিটে কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, সকাল ৮টা থেকে বাসে ওঠার এই চেষ্টা চলছে তাঁর।
শায়লা মাহমুদ ধানমন্ডির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। প্রতিটি কর্মদিবসে বাসে উঠতে তাঁকে এই সংগ্রাম করতে হয়। বাসায় ফেরার সময়ও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। কোনো রকমে উঠতে পারলেও বাসে আছে নানান রকম সমস্যা-ভোগান্তি।
রাজধানীর গণপরিবহনে চলাচলকারী নারীদের অভিজ্ঞতা কম-বেশি শায়লার মতোই।
গণপরিবহন নিয়ে নারীদের ভোগান্তি ও ভাবনার কথা জানতে গত তিন সপ্তাহে বিভিন্ন রুটে চলাচলকারী ৩৫ জন নারীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। নানা বয়সী এসব নারীর কেউ চাকরিজীবী, কেউ ছাত্রী।
বাসে নারীদের জন্য কয়েকটি আসন সংরক্ষণের ব্যবস্থায় মোটেও খুশি নন তাঁরা। তাঁদের দাবি, রাজধানীতে নারীদের জন্য বাসের সংখ্যা বাড়াতে হবে। প্রয়োজনে বাজেটে নারীদের জন্য পরিবহনের সংখ্যা বাড়াতে বরাদ্দ দিতে হবে। আর নিজেদের জন্য আলাদা বাস চান ছাত্রীরা।
ফারজানা রহমান মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। তাঁর বাসা আদাবরে। এক বিকেলে ফারজানার সঙ্গে কথা হয় মতিঝিলে। তিনি বলেন, অফিসে যাতায়াতে রোজ তাঁর চার ঘণ্টা ব্যয় হয়। ফারজানা রহমান বলেন, নারীর উন্নয়নের পূর্বশর্ত অর্থনৈতিক ক্ষমতায়ন। নারীকে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত হতে ঘরের বাইরে আসতে হবে। সেটা সহজ করার জন্য নারীবান্ধব গণপরিবহন দরকার। তাঁর পাশে থাকা চাকরিজীবী ঝর্ণা রহমান বলেন, সামনে বাজেট আসছে। বাজেটে নারীদের জন্য বাসের সংখ্যা বাড়াতে বরাদ্দ দেওয়া হোক।
সরেজমিনে দেখা গেছে, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য ৯টি আসন সংরক্ষিত রাখার নিয়ম থাকলেও বাসগুলোতে ৪টি বা ৬টি করে সিট থাকে। সেগুলোও চালকের আসনের কাছাকাছি। নারী যাত্রীদের অভিযোগ, ইঞ্জিনের গরমে এসব আসনে বসা যায় না। সংরক্ষিত আসনের বাইরে বসতে গেলেই পুরুষ যাত্রীরা কথা শোনান। এ ছাড়া, কোনো রকমে বাসে ওঠার পর মুখোমুখি হতে হয় নানা বিব্রতকর পরিস্থিতির। আবার মহিলা সিট খালি নেই বলে অধিকাংশ সময় তাঁদের বাসে উঠতে দেওয়া হয় না।
কর্মজীবী নারীদের জন্য রাজধানীর আটটি রুটে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন ১৫টি বাস চলে। একটি বাদে সব বাসের গন্তব্যই মতিঝিল। সকাল সাতটার দিকে ছেড়ে আসা বাসগুলোর ফিরতি যাত্রা সাড়ে পাঁচটার পরে। এসব বাসের চালকের সহকারীও নারী।
কর্মজীবী নারী রেহেনা সুলতানা বলেন, বিআরটিসি লোকসানের কথা বলে নারীদের জন্য বাসের সংখ্যা বাড়ায় না। অনেকটা ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘সরকার কত কিছুতে ভর্তুকি দেয়, নারীদের বাসের জন্যও ভর্তুকি দিক।’
ইডেন মহিলা কলেজের ছাত্রী ফারজানা ইসলামের বাসা উত্তরার ৫ নম্বর সেক্টরে। তাঁকে প্রতিদিন কমপক্ষে পাঁচ ঘণ্টা বাসেই কাটাতে হয়। এ জন্য অনেক সময় ক্লাসেও যান না তিনি। ফারজানা বলেন, ছাত্রীর সংখ্যা বাড়ছে। বিভিন্ন রুটে শুধু ছাত্রীদের জন্য আলাদা বাস দরকার।
কয়েকজন নারী বলেন, ভাড়া বেশি দিয়ে হলেও নিরাপদে বাসে চলাচল করতে চান তাঁরা। তাঁরা বলেন, যদি ঠেলাঠেলি না করতে হয় বা বসার সুযোগ পাওয়া যায়, তবে ভাড়া বেশি দিয়েও তাঁরা যাতায়াত করবেন।
নারী যাত্রীদের প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা কম—এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান। তিনি বলেন, সকাল ১০টার পরে নারী যাত্রী তেমন পাওয়া যায় না। এ কারণে মহিলা বাস বাড়ানো সম্ভব নয়। তবে সরকার ভর্তুকি দিলে তাঁদের বাসের সংখ্যা বাড়াতে আপত্তি নেই।
নাম না প্রকাশের শর্তে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব প্রথম আলোকে বলেন, ‘নারীদের জন্য বাসের সংখ্যা বাড়াতে বাজেটে বরাদ্দ দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু বাজেট প্রণয়ন প্রক্রিয়াধীন অবস্থায় আছে; এর সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত বলে এটা নিয়ে এখন মন্তব্য করা অনুচিত।’