আলাদা সভা করল বিভক্ত দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা নিয়ে সমিতির সদস্যদের মধ্যে বিভক্তি শুরু হয়েছে। সাধারণ সভা ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে গত শনিবার কয়েকজন সদস্য সমিতির কার্যালয়ে সভা করেছেন। অন্যদিকে মোটর মালিক সমিতির নবনির্বাচিত কমিটি একই দিন সাধারণ সভা ও বনভোজনের আয়োজন করে।

পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ইকবাল কায়সার ও আপেল মাহামুদ বলেন, ২০১৩ সালের ২০ আগস্ট জেলা মোটর মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হয়। পরে সরকারি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সমিতির সদস্যদের সম্মতির ভিত্তিতে কমিটির মেয়াদ এক বছর বাড়ানো হয়। ২০১৬ সালের ১২ অক্টোবর সাধারণ সভা হয়। একই বছরের ৩১ অক্টোবর জেলা মোটর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন হয়। সর্বসম্মতিক্রমে ওই দিন ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটি গত শনিবার সাধারণ সভা ও বনভোজনের জন্য সদস্যদের চিঠি দেয়। এরই পরিপ্রেক্ষিতে নবনির্বাচিত কমিটি শনিবার রংপুরের ভিন্নজগৎ পিকনিক স্পটে সাধারণ সভা ও বনভোজন করে। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন আপেল মাহামুদ। কিন্তু শনিবার জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের একটি অংশও সাধারণ সভার আয়োজন করে। সভার আয়োজক জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু। সভায় বলা হয়, গত ৩১ অক্টোবর যে কমিটি গঠন করা হয়েছে তা অবৈধ। সমিতির ২৬৪ জন সদস্যের অধিকাংশই ওই কমিটির সভা ও বনভোজনে যাননি।