আলাদাভাবেই প্রার্থী চূড়ান্ত আওয়ামী লীগ-বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের তিনটি পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি তাদের মেয়র পদপ্রার্থী চূড়ান্ত করেছে। কোনো আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়ায় শরিক দলগুলোর নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি বাগেরহাট, মোরেলগঞ্জ ও মংলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।দলীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগের খান হাবিবুর রহমান, মোরেলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের এমদাদুল হক এবং বিএনপির আবদুল মজিদ জব্বারকে মেয়র পদে চূড়ান্তভাবে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টি (এরশাদ) বাগেরহাট পৌরসভায় তাদের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপি একক সিদ্ধান্তে প্রার্থী ঘোষণা করায় চারদলীয় ঐক্যজোটের প্রধান শরিক জামায়াত ক্ষোভ প্রকাশ করে অবস্থা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোজাম্মেল হোসেন জানান, মংলা পৌরসভার দলীয় মেয়র প্রার্থীর নাম এখনো চূড়ান্ত হয়নি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান বলেন, জোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে তাঁদের কাছে কেন্দ্রীয় কোনো নির্দেশনা আসেনি। দলীয় নেতাদের সঙ্গে আলাপ করে চলতি সপ্তাহেই প্রার্থী চূড়ান্ত করা হবে। জেলা জাতীয় পার্টির (এরশাদ) যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন হাওলাদার এ বিষয়ে বলেন, সংসদ নির্বাচনে তাঁরা আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন করেছেন। জেলার তিনটি পৌরসভার মধ্যে বাগেরহাট পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে তাঁরা তাঁদের দলের প্রার্থী চান। তাই দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ হাসানকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম জানান, তাঁরা বিএনপির আচরণ পর্যবেক্ষণ করছেন। বিএনপির প্রার্থীকে সমর্থন করা না-করার বিষয়ে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে।