আলাপ-আলোচনা পর্যন্তই বিমানবন্দরের খবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে দ্রুত ও কম সময়ে যোগাযোগের জন্য খুলনায় একটি বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে অর্ধশত বছর ধরে আলাপ-আলোচনা চলছে। কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি।বিমানবন্দর নির্মাণের জন্য ১৯৬১ সালে জমি অধিগ্রহণ করা হয়। এর পর থেকে প্রতিশ্রুতি, আশ্বাস, স্থান নির্বাচন, সম্ভাব্যতা যাচাই, স্থান পরিবর্তন, নতুন স্থান নির্ধারণ ও জমি অধিগ্রহণ—এসব চলছেই। কিন্তু বিমানবন্দর আর হয়নি।সর্বশেষ খুলনা-মংলা সড়কের পাশে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য স্থান নির্বাচন করে মাটিও ভরাট করা হয়। কিন্তু ২০০৬ সালের দিকে প্রকল্পটি স্থগিত হয়ে যায়। প্রকল্পটির সে সময়কার সহকারী প্রকৌশলী ইউনুছ হোসেন প্রথম আলোকে বলেন, প্রায় দেড় যুগ আগে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাজের অনেক অগ্রগতিও হয়। কিন্তু ২০০৬ সালের জুন থেকে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। পরে ডমেস্টিক বিমানবন্দর করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত বিমানবন্দরটিতে চার হাজার ফুট দীর্ঘ একটি রানওয়ে রয়েছে। যা বালি ও মাটি দিয়ে ভরাট করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ করতে ১০ কোটি টাকার যন্ত্রপাতি আনা হয়েছিল, যা সেখানে পড়ে থেকে নষ্ট হচ্ছে।খুলনা শিল্প ও বণিক সমিতির সভাপতি কাজী আমিনুল হক জানান, খুলনায় বিমানবন্দর হলে মংলা বন্দর ও রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলের ব্যবহার সম্প্রসারণ ঘটত। এমনকি এই বন্দর নেপাল ও ভুটান ব্যবহার করার যে প্রস্তাব দিয়েছে তাতেও যোগাযোগের ক্ষেত্রে বিমানবন্দর খুবই ইতিবাচক ভূমিকা রাখতে পারত। তিনি আরও জানান, যশোরে যে বিমানবন্দর রয়েছে, সেখানে পরিসংখ্যান নিলে দেখা যাবে, ৭০ শতাংশের বেশি যাত্রী খুলনার। সেদিক বিবেচনায় খুলনায় বিমানবন্দর স্থাপনের বিষয়টি অনেক বেশি যৌক্তিক।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬১ সালে প্রথম খুলনায় বিমানবন্দর স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়। সে সময় খুলনা শহর থেকে ১৭ কিলোমিটার দূরে মশিয়াতে জমি অধিগ্রহণ করা হয়। ওই পরিকল্পনা পরে আর আলোর মুখ দেখেনি। ১৯৮০ সালের দিকে বাগেরহাটের ফকিরকাট থানার কাটাখালীতে নতুন করে স্থান নির্বাচন করা হয়। অজ্ঞাত কারণে সে পরিকল্পানাটিও বাতিল হয়ে যায়। ১৯৯২ সালে খুলনাবাসী বিমানবন্দর নির্মাণের জন্য জোর দাবি জানায়। তখন ক্ষমতায় থাকা বিএনপি সরকার নতুন করে সম্ভব্যতা ও স্থান নির্বাচন কাজ শুরু করে। শেষমেশ বাগেরহাটের রামপাল থানার ফয়লায় স্টল বিমানবন্দর নির্মাণের জন্য ৯৫ একর জমি অধিগ্রহণ করে।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে খুলনাবাসীর প্রাণের দাবি বিমানবন্দর স্থাপনের প্রকল্পটি বহাল রাখে। এরই ধারাবাহিকতায় ১৯৯৮ সালের জুনে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দরের জন্য মাটি ভরাটের কাজ শুরু করে। সে সময় যে কয়েক মাস মাটি ভরাটের কাজ হয়েছিল, তারপর আর কোনো কাজ হয়নি।জানা যায়, বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর বিমানবন্দর নির্মাণ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন করা হয়। স্টল বিমানবন্দর নির্মাণের পরিবর্তে মাঝারি ধরনের বিমান ওঠানামার উপযোগী বিমানবন্দর (ডমেস্টিক এয়ারপোর্ট) নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য আগে অধিগ্রহণ করা জমির পাশে প্রায় ৭২ একর জমি অধিগ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত জমি আর অধিগ্রহণ করা হয়নি।বুধবার প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, বিমানবন্দর নির্মাণের জায়গাটি গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। ভারী পণ্য পরিবহনের জন্য আনা ১১টি গাড়ি খোলা আকাশের নিচে পড়ে আছে। চাকাগুলো মাটিতে দেবে গেছে। রোদ-বৃষ্টিতে মরিচা ধরেছে গাড়ির যন্ত্রাংশে। নির্মাণকাজের সময় শ্রমিকদের থাকার ঘরটিতে এখন পুলিশ ক্যাম্প হয়েছে। সেখানে থাকেন পুলিশের ২২ জন সদস্য।বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান বলেন, পদ্মা সেতুর পাশাপাশি বিমানবন্দর হওয়া প্রয়োজন। সেতু যেমন গুরুত্বপূর্ণ, বিমানবন্দরও তেমন। এটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রতিশ্রুতি পূরণের জন্য হলেও বিমানবন্দরের কাজ করা উচিত।