আলাপ করতে না দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম নিবেদন এবং মেয়েটির সঙ্গে আলাপ করতে না দেওয়ায় প্রকাশ্যে মার্কেটে মেয়েটির খালাকে কিল, ঘুষি ও লাথি মারে এক বখাটে। ঘটনা দেখে ক্ষুব্ধ লোকজন সঙ্গে সঙ্গে বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জ শহরের জনবহুল আনোয়ারা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল বিকেলে খালাকে নিয়ে আনোয়ারা সুপার মার্কেটে কাপড় কিনতে যান গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। এ সময় তাঁর সহপাঠী ও ইটনা উপজেলার উত্তর শৈলা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান খান (২১) একটি দোকান থেকে তাঁকে ডেকে নিয়ে প্রেম নিবেদন করেন। বিব্রত হয়ে মেয়েটি পাঁচ মিনিটের মতো কথা বলতে বাধ্য হন। ছেলেটি তাঁর সঙ্গে দুই ঘণ্টা কথা বলতে হবে বলে মেয়েটিকে শাসায়। এ সময় মেয়েটির খালা দ্রুত তাঁর কাছে আসতে বলেন। এতে ছেলেটি ক্ষিপ্ত হয়ে তাঁকে কিল, ঘুষি ও চড় দেন। একপর্যায়ে পায়ে লাথি মারেন। খালার চিৎকারে দোকানদার ও আশপাশের লোকজন এসে ছেলেটিকে আটক করে। ক্ষুব্ধ জনতা ছেলেটিকে মারধরের প্রস্তুতি নিলে দোকানিরা মার্কেটের একটি দোকানে মিজানকে নিয়ে গিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মিজানকে আটক করে। মেয়েটির খালা বলেন, ‘আমার বড় বোনের মেয়েকে প্রায়ই মিজান বিরক্ত করত। প্রতিবাদ করলে গালিগালাজ করে। আজ কী কারণে আমাকে মেরেছে জানি না। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ তিনি আশঙ্কা করে বলেন, ‘মিজান ছাড়া পেলে তাঁদের ওপর হামলা চালাবে। সে খুব দুর্ধর্ষ প্রকৃতির।’ মেয়েটির খালু জানান, এ ব্যাপারে কোনো আপস নেই। তাঁরা আইনি ব্যবস্থা নেবেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে মিজান থানার হাজতে রয়েছে। উভয় পক্ষের অভিভাবক থানায় আসবে। তারা মীমাংসায় না এলে পরে আইনি ব্যবস্থা নিয়ে মিজানকে বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে। থানার হাজতে বখাটে মিজান প্রথম আলোকে বলেন, ‘আমি মেয়েটিকে ভালোবাসি। রাগে ওর খালাকে পিটিয়েছি। আমি এর জন্য অনুতপ্ত।’