আলাপে শুধু রাজনীতি, সমাজ নিয়ে ভাবছে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছরের ঐশী রহমান তার বাবা-মার সন্দেহভাজন হত্যাকারী—পুলিশকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর বহু মানুষ বিস্ময় প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে এমন নৃশংসতা আর দেখা যায়নি। অনেকেই উদ্বিগ্ন, অনেকে দুঃখিত, হতবাক। সমাজবিজ্ঞানী, অপরাধ বিশেষজ্ঞ, মনোচিকিত্সকেরা বলছেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বাঁচতে হলে রাজনীতির আলোচনা ছেড়ে সমাজ নিয়ে কথা বলতে হবে।

মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান দম্পতি হত্যার ঘটনায় এক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবা নাসরীন প্রথম আলো ডটকমকে বলেছেন, ‘ঐশী রহমানের ঘটনা আরেকবার প্রমাণ করল, দ্রুত পরিবর্তনশীল এই সমাজের সঙ্গে মধ্যবিত্ত সমাজ খাপ খাওয়াতে পারছে না। পারিবারিক বন্ধন দুর্বল হয়ে পড়েছে, বিভিন্ন সংস্কৃতির নেতিবাচক দিকগুলোর অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশের আবহমান সংস্কৃতিতে। অভিভাবকেরা সন্তানদের ভাষা বুঝতে পারছেন না। তাঁরা অনেক সময় সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছেন না, আলাপ-আলোচনায় সহনশীলতার পরিচয় দিচ্ছেন না। সন্তানের সঙ্গে অভিভাবকের দূরত্ব তৈরি হচ্ছে। খোলা মাঠে আর শিশুদের সামাজিকীকরণ ঘটছে না। শিশুরা বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে কোচিং সেন্টারে যাচ্ছে। তারা কাদের সঙ্গে মিশছে, অভিভাবকেরা জানতে পারছেন না।’

মাহবুবা নাসরীন বলেন, গ্রামে বা আগে শহরে শিশু-কিশোররা কী করছে, সে সম্পর্কে পাড়া-প্রতিবেশী খবর রাখতেন।এখন সব বিষয় ব্যক্তিগত।সবকিছু পরিবার, সমাজ, সম্প্রদায় থেকে আলাদা।সবাই রাজনীতি নিয়ে আলাপ করছেন, সমাজটার কথা কেউই ভাবছে না।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম পুলিশ দম্পতির হত্যা বিশ্লেষণ করে তিনটি বিষয়ে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়, নারীরা মাদক সেবন করে না। আসল ঘটনা হলো, উল্লেখযোগ্য সংখ্যক নারী ইয়াবা সেবন করছে। ধর্মীয় ও সামাজিক অনুশাসন মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। এসব অনুশাসনের চর্চাটা কমে যাচ্ছে। ভোগবাদী সমাজে ব্যক্তিগত জৌলুস প্রকাশের অনুষঙ্গ হয়ে উঠেছে ইয়াবা। অনেকে শরীরকে মেদমুক্ত রাখতে, আবার কেউ কেউ তারুণ্যের উদ্যম-উল্লাস প্রকাশে ইয়াবা সেবন করে। তৃতীয়ত, বাংলাদেশে এখনো মাদকাসক্ত পরিবারগুলো তাদের সন্তানদের চিকিত্সা না করিয়ে লুকিয়ে রাখতে চায় সম্মান বাঁচাতে। সাহস করে তাদের বেরিয়ে আসতে হবে, সন্তানের চিকিত্সা করাতে হবে।

অধ্যাপক তাজুল ইসলাম আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিকে যখন মাদক সেবন থেকে বিরত করা হয়, প্রথমেই তার শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ হয়। এ সময় সে মানুষও খুন করে ফেলতে পারে। ঐশী রহমানের ক্ষেত্রে এমনটাও হয়ে থাকতে পারে বলে এই মনোচিকিত্সকের ধারণা। চিকিত্সকের পরামর্শ মেনে চললে পরিবারটিকে এমন ক্ষতির মুখোমুখি হতে হতো না বলে মনে করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও ‘থিওরেটিকাল অ্যান্ড অ্যাপলায়েড ক্রিমিনোলজি’ বইয়ের লেখক শেখ হাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শিশুরা অতি আদর বা অনাদরে বখে যেতে পারে। মনে হয়েছে, মায়ের প্রতি তার প্রচণ্ড ক্ষোভ ছিল। বাবাকে ছুরি দিয়ে দুবার আঘাত করলেও, মাকে ১১টি আঘাত করেছে। বাবা-মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা জরুরি। ঐশী রহমানের ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল, তা হয়তো পরবর্তী সময় বিস্তারিতভাবে জানা যাবে। তবে তিনি বলেছেন, পুরো ঘটনা বিশ্লেষণে তাঁর মনে হয়েছে সে একটা অস্বাভাবিকতার মধ্য দিয়ে যাচ্ছিল। শিশুরা যদি নিষ্ঠুরতা দেখে বড় হয়, তাদের মধ্যে নিষ্ঠুর কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। বাবা-মাকে আরও সহনশীল ভূমিকা নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।