আলামত গায়েব, ১৩ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা
আদালতের আদেশ ছাড়া বিচারাধীন মামলার আলামত গায়েব করায় অভিযোগে পুলিশ, বন্দর, কাস্টমসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের সুবিধার্থে আলামত গোপন বা ধ্বংস করে বিচার ব্যাহত করার অপরাধে অভিযুক্ত করা হয়েছে তাঁদের।
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলাটি দায়ের করেন স্পেশাল ট্রাইবু্যুনাল-৩ এর বেঞ্চ সহকারী।
চট্টগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মেছবাহ উদ্দিন আহমেদ ১৯ মে মামলা করার নির্দেশ দেন। আদেশে বলা হয়েছে, মামলা বিচারাধীন থাকা অবস্থায় আদালতের আদেশ ছাড়া আলামতের নমুনা না রেখে ধ্বংস করা ফৌজদারি কার্যবিধি লঙ্ঘন।
এই ১৩ জন হচ্ছেন কাস্টম কর্মকর্তা মো. মকবুল হোসেন, নু চ প্রু, ওয়ালিউর রহমান, কাজী ফরিদউদ্দিন ও মো. মতিউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর তত্কালীন সুপারিনটেনডেন্ট আইউব আলী মিয়া, সিটি করপোরেশনের তত্কালীন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ কাতেবী, চট্টগ্রাম বন্দরের তত্কালীন স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, বন্দর জোনের তত্কালীন সহকারী পুলিশ কমিশনার জিয়াউল কবির, জেলা প্রশাসক কার্যালয়ের তত্কালীন ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান, বিডিআর (বর্তমানে বিজিবি) হালিশহরের তত্কালীন উপপরিচালক মোবারক আলী সরকার, পরিবেশ অধিদপ্তরের রসায়নবিদ মকবুল হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রমজান আলী।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৮ মার্চ আনোয়ারা পারকিবাজার থেকে চোরাচালানের সময় ৭৯৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করে কোস্ট গার্ড। সেদিনই আনোয়ারা থানায় কোস্ট গার্ডের পক্ষ থেকে চোরাচালান আইনে থানায় মামলা করা হয়। আর আলামতগুলো চট্টগ্রাম কাস্টমে জমা দেওয়া হয়। মামলাটি তদন্ত করেন আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী। তদন্তের সময় তিনি আলামতগুলো কাস্টম থেকে সংগ্রহ করেননি এবং আদালতের মালখানায়ও পাঠাননি।
গত ১২ জানুয়ারি মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আদালতে আলামত দেখানোর জন্য মালখানায় রিকুইজিশন পাঠান রাষ্ট্রপক্ষের আইনজীবী। কিন্তু সেখানে আলামত পাওয়া যায়নি। পরে আদালত জানতে পারেন, আলামতগুলো চট্টগ্রাম কাস্টমের জিম্মায় রয়েছে। কয়েক দফা নির্দেশনা ও কারণ দর্শানো নোটিশ পাঠানোর পর কাস্টমের পক্ষ থেকে জানানো হয়, আদালতের অনুমতি ছাড়াই তাঁরা সেগুলো ধ্বংস করে ফেলেছে।