আলামত গায়েব করে সাবেক এসআই কারাগারে
অস্ত্র মামলার আলামত (একটি এলজি) গায়েবের দুর্নীতির মামলায় কারাগারে গেছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অবসরপ্রাপ্ত এক উপপরিদর্শক (এসআই)। তাঁর নাম বি এম কামাল পাশা। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো আদেশ দেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলার আলামত একটি এলজি গায়েবের দুর্নীতির মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সাবেক পুলিশ কর্মকর্তা বি এম কামাল পাশা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০০৪ সালে কোতোয়ালি থানায় করা এই মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ২৪ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মেজবাহ উদ্দিন আরও বলেন, ১৯৯৬ সালের ২৫ নভেম্বর নগরের ঝাউতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ একটি এলজিসহ দুজনকে গ্রেপ্তার করে। এই মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন নগর গোয়েন্দা পুলিশের সাবেক এসআই বি এম কামাল পাশা। কিন্তু মামলার আলামত ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি জমা দেননি তিনি আদালতে। ২০০২ সালের অস্ত্র মামলায় রায় দেন আদালত। আলামত গায়েবকারী কামাল পাশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে দুদক তাঁর বিরুদ্ধে মামলা করে।