আলামত গায়েব: চাকরিচ্যুত পুলিশের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র মামলার আসামিদের সুবিধা পাইয়ে দিতে আলামত গায়েব করার অভিযোগে করা মামলায় চাকরিচ্যুত পুলিশের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। তাঁর নাম মো. দেলোয়ার হোসেন। তিনি চট্টগ্রাম আদালতের মহানগর মালখানায় উপপরিদর্শক (এসআই) হিসেব কর্মরত ছিলেন।

আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলার আলামত গায়েবের মামলায় পুলিশের সাবেক কর্মকর্তা দেলোয়ারের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। তবে তিনি পলাতক। আরেক আসামি কামাল পাশাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, ১৯৯৬ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ঝাউতলা এলাকার একটি বাড়িতে ডাকাতির মালামালের খোঁজে অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশের একটি দল। তখন ওই বাড়ি থেকে মো. নবী হোসেন ও মো. আবুল কাশেম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়ি থেকে একটি এলজি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই বি এম কামাল পাশা জব্দ তালিকা তৈরি করেন। সেদিনই তিনি গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং থানায় অস্ত্র আইনে মামলা করেন।
পরে তিনি জব্দ করা আলামত নগর গোয়েন্দা শাখার মালখানায় জমা দেন। তখন মালখানার দায়িত্বে ছিলেন এসআই মো. দেলোয়ার হোসেন। ১৯৯৭ সালের ৩০ এপ্রিল তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করেন কামাল পাশা। অস্ত্র মামলাটির বিচারকাজ চলার সময় আদালত বারবার আলামত উপস্থাপনের নির্দেশ দেন। কিন্তু আলামত আদালতের মালখানায় পাওয়া যায়নি। ২০০২ সালে ওই অস্ত্র মামলার রায়ে আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। আদালত রায়ে উল্লেখ করেন, ‘জব্দকৃত অস্ত্রটি পুলিশ আলামত হিসেবে যথাসময়ে আদালতে দাখিল না করায় এবং বেআইনিভাবে পুলিশের কোনো লোক ওই অস্ত্রটি দাপ্তরিক হেফাজত হইতে বেআইনিভাবে নিজ হেফাজতে সরাইয়া নেওয়ায় ও ফলশ্রুতিতে বেআইনি অস্ত্রের দখলদার হওয়ায় এই বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট ব্যক্তিগণের ওপর দায় আরোপক্রমে ব্যবস্থা নেওয়া অপরিহার্য।’ রায়ের ওই কপি স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

আদালতের নির্দেশে ঘটনাটি অনুসন্ধান করে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ২০০৪ সালে মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ওই সময় চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষও আদালতের নির্দেশে বিভাগীয় তদন্ত করে। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় দেলোয়ার হোসেনকে চাকরিচ্যুত করা হয়। আর কামাল পাশা বর্তমানে অবসরে আছেন।

তদন্ত শেষে গত বছরের ২৪ ফেব্রুয়ারি দেলোয়ার ও কামাল পাশার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আজ আদালত কামাল পাশাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে শুধু দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।