আলামত গায়েবকারী সাবেক এসআই কারাগারে
অস্ত্র মামলার আলামত (এলজি) গায়েব করার মামলায় কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সাবেক এক উপপরিদর্শককে (এসআই)। তাঁর নাম বি এম কামাল পাশা। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অস্ত্র মামলার আলামত একটি এলজি গায়েবের দুর্নীতির মামলার অভিযোগপত্রভুক্ত আসামি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বি এম কামাল পাশা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০০৪ সালে কোতোয়ালি থানায় মামলাটি করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি কামাল পাশার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মেজবাহ উদ্দিন আরও বলেন, ১৯৯৬ সালের ২৫ নভেম্বর নগরের ঝাউতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ একটি এলজিসহ দুজনকে গ্রেপ্তার করে। এই মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন নগর গোয়েন্দা পুলিশের সাবেক এসআই বি এম কামাল পাশা। কিন্তু মামলার আলামত ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি তিনি আদালতে জমা দেননি। ২০০২ সালে অস্ত্র মামলার রায়ে আদালত গ্রেপ্তার হওয়া ওই দুজনকে সাজা দেন। একই সঙ্গে আলামত গায়েবকারী কামাল পাশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে দুদক তাঁর বিরুদ্ধে মামলা করে।