আলামত নষ্ট ও জজ মিয়া নাটকে জড়িতদের খুঁজে বের করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেদিন কারা, কেন গ্রেনেড হামলার আলামত নষ্ট করল? কেন জজ মিয়া নাটক মঞ্চায়ন করা হলো? কারা এই নাটক করেছে? এদের খুঁজে বের করতে হবে। তাহলেই জানা যাবে এ ঘটনার নেপথ্যে কারা ছিল।’গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। তাঁদের দাবি, অধিকতর তদন্তে যাঁর নামই আসুক, তিনি যত বড়ই হোন না কেন, তাঁর বিচার করতে হবে। গতকাল ছিল আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন আলোচনা অনুষ্ঠান, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করে। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, রাজনৈতিক দলের নেতা, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মিলাদ মাহফিলে অংশ নেন।মহিলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সংগঠনের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ সভাপতিত্ব করেন। এতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করতে দেয়নি বিএনপি। ওই সময় তারা তদন্তে হস্তক্ষেপ করেছে। ঘটনার নেপথ্যনায়কদের বাঁচানোর জন্য জজ মিয়া নাটক মঞ্চস্থ করেছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ শাহিদা তারেক, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, সহসভাপতি খালেদা খানম, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।রাষ্ট্রপতির শ্রদ্ধা: রাষ্ট্রপতি জিল্লুর রহমান গতকাল বনানী কবরস্থানে তাঁর প্রয়াত স্ত্রী আইভি রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ফাতেহা পাঠ করেন এবং কিছুক্ষণ আইভি রহমানের কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবরে এবং তিন নেতার মাজারেও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তাঁর ছেলে সাংসদ নাজমুল হাসান, দুই মেয়ে ও নিকট আত্মীয়রা ছাড়াও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।এ ছাড়া গতকাল মুক্তাঙ্গনে নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইয়াসমিন হত্যা দিবস) উপলক্ষে কর্মজীবী নারী আয়োজিত সমাবেশ, মানববন্ধন ও শোভাযাত্রা আইভি রহমানের স্মরণে উৎসর্গ করা হয়।