আলামত পরীক্ষার অনুমতি দিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত আমান ও আলভী আমান। ছবি: সংগৃহীত
নুসরাত আমান ও আলভী আমান। ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে দুই ভাইবোনের মৃত্যুর ঘটনায় ১৩টি আলামতের ডিএনএ ও রাসায়নিক পরীক্ষা করার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার রামপুরা থানার উপপরিদর্শক সোমেন কুমার বড়ুয়া অনুমতি চেয়ে এ আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ আদেশ দেন।
পুলিশের আবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ১১টি আলামতের ডিএনএ পরীক্ষা এবং দুটি আলামতের রাসায়নিক পরীক্ষার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়। ডিএনএ পরীক্ষার জন্য যে আলামত সেগুলো হলো বিছানার চাদর, বালিশের চারটি কভার (সাদা-কালো-লাল স্ট্রাইপ), একটি কম্বল, পুরোনো কামিজ, সাদা টিস্যু, খাবারের দাগ লাগানো সংবাদপত্রের পাতা, সাদা কাপড়ের টুকরো ও একটি জর্জেট ওড়না।

রাসায়নিক পরীক্ষার আলামত দুটি হলো চাইনিজ খাবারের অবশিষ্টাংশ ও বোতলে থাকা পানি।

বনশ্রীতে গত সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাতে নুসরাত আমান ও আলভী আমান নামের দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়। তাদের পরিবারের অভিযোগ, চায়নিজ রেস্তোরাঁ থেকে আগের দিন আনা খাবার সোমবার দুপুরে গরম করে খেয়ে তারা ঘুমিয়ে পড়ার পর আর ওঠেনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। পরে গতকাল মঙ্গলবার সকালে শিশু দুটির লাশ ময়নাতদন্ত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের শিক্ষক ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, দুই ভাই-বোনের গলায় আঘাতের চিহ্ন আছে। তা ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও অনেক আঘাতের চিহ্ন আছে। এ থেকে তাঁরা ধারণা করছেন শিশু দুটিকে হত্যা করা হয়েছে।

লাশের ময়নাতদন্ত করেছেন এমন একজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে বলেন, দুটি শিশুর জিহ্বা কামড়রত অবস্থায় ছিল। সাধারণত কাউকে গলা টিপে হত্যা করলে জিহ্বা কামড়রত থাকে। তা ছাড়া দুটি শিশুর চোখেও রক্ত জমাট অবস্থায় ছিল। গলায় নখের আঁচড় ছিল।

এ ছাড়া এ ঘটনায় গতকাল বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর রোডের বাসা থেকে দুই দারোয়ান, দুই গৃহশিক্ষিকা ও এক স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-৩-এর ক্যাম্পে নেওয়া হয়। এর আগে সোমবার রাতে চায়নিজ রেস্তোরাঁর যে তিন কর্মচারীকে আটক করা হয়েছিল, গতকাল তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য শিশু দুটির বাবা-মা ও খালাকে জামালপুর থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তাঁদের র‍্যাব সদর দপ্তরে রাখা হয়েছে। তাঁরা শিশুদের দাফন উপলক্ষে গ্রামের বাড়ি গিয়েছিলেন।

নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (প্রধান শাখা) পঞ্চম শ্রেণিতে পড়ত। হলি ক্রিসেন্ট (ইন্টারন্যাশনাল) স্কুল অ্যান্ড কলেজের নার্সারিতে পড়ত আলভী।


আরও  পড়ুন...