রংপুরে স্থানীয় যুগের আলো পত্রিকার সাংবাদিক মসিউর রহমানের লাশের সঙ্গে উদ্ধার করা আলামতের পরীক্ষার দাবি জানিয়েছে তাঁর পরিবার। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের ফিঙ্গারপ্রিন্টের পরীক্ষার দাবি জানানো হয়েছে।
স্থানীয় একটি কমিউনিটি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ওই সব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসিউরের বড় বোন মোরশেদা বেগম।
সংবাদ সম্মেলনে মসিউরের মা নূরজাহান বেগম আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘মসিউরকে হারিয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। কেননা, ছেলের ওপর আমাদের সংসার পরিচালিত হতো। এখন আমাদের দেখার কেউ নেই।’ মসিউরের বাবা সামছুল হুদা প্রামাণিক বলেন, ‘পুলিশসহ জেলা প্রশাসকের কাছে অনেক দাবি জানিয়েছি। এরপরও হত্যাকাণ্ডটির বিষয়টি পরিষ্কার করা হচ্ছে না। লাশের সঙ্গে আলামত হিসেবে যেসব জিনিস উদ্ধার করা হয়েছে, তার পরীক্ষা এক মাসের মধ্যে করার দাবি করছি। তা না হলে আমরা গণ-অনশন কর্মসূচি শুরু করতে বাধ্য হব।’
এদিকে মসিউর হত্যার পর রংপুরে সাংবাদিক সমাজের ব্যানারে ইতিমধ্যে একাধিকবার মানববন্ধন ও সমাবেশ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মসিউর পত্রিকা অফিস থেকে দাওয়াতের কথা বলে গত ২৩ ডিসেম্বর এক ঘণ্টার জন্য রাত সাড়ে নয়টার দিকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। পরদিন ২৪ ডিসেম্বর সকালে রংপুর শহর থেকে সাত কিলোমিটার দূরে ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে শেখপাড়া এলাকায় তাঁর লাশ গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নূরজাহান বেগম কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, এ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির এখনো তদন্ত চলছে।