আলামত হিসেবে পত্রিকা দেখালেন তদন্ত কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিন গতকাল বুধবার চতুর্থ দিনের মতো জবানবন্দি দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি জবানবন্দিকালে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন এই মামলার আলামত হিসেবে দেখান।সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরুর আগেই সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকালও বিভিন্ন নথি মামলার আলামত হিসেবে গ্রহণের বিষয়ে আপত্তি জানিয়েছে আসামিপক্ষ। কয়েকটি নথি মামলার আলামত হিসেবে গ্রহণ করা নিয়ে বিতর্কের পর গত মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীরা এজলাস ত্যাগ করেছিলেন।জবানবন্দিতে হেলালউদ্দিন বলেন, তদন্তকালে তিনি মামলা-সংক্রান্ত বিভিন্ন পত্রিকা, বই ও নথিপত্র জব্দ করেছেন। জব্দ করা এসব পত্রিকা তিনি ট্রাইব্যুনালকে দেখান। এগুলোর মধ্যে ছিল: ২০০১ সালে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত ‘সেই রাজাকার’ শীর্ষক ধারাবাহিকসহ ৮৪টি প্রতিবেদন-সংবলিত মূল পত্রিকা, ভোরের কাগজ-এ ২০০৭ ও ২০০৮ সালে প্রকাশিত ‘রাজাকারের একাত্তরনামা’ শীর্ষক ধারাবাহিকের ৪০টি প্রতিবেদনসহ মূল পত্রিকা, ১৯৭১ ও ১৯৭২ সালের আজাদ, পূর্বদেশ, ইত্তেফাক, পাকিস্তান, সংগ্রাম, দ্য ডন প্রভৃতি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের অনুলিপি অথবা মূল পত্রিকা। পত্রিকা ছাড়াও তিনি বিভিন্ন নথিপত্র ট্রাইব্যুনালকে দেখান। এসব নথিপত্রের মধ্যে রয়েছে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সাঈদীর মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা, শিক্ষাগত যোগ্যতার সনদ, আয়কর প্রত্যয়নপত্র প্রভৃতি।হেলালউদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী।একপর্যায়ে রাষ্ট্রপক্ষ ১০টি বই ট্রাইব্যুনালে আলামত হিসেবে দেখাতে গেলে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম এর বিরোধিতা করেন। তিনি বলেন, বইগুলোর অনুলিপি আসামিপক্ষকে সরবরাহ করা হয়নি। এ জন্য এগুলো আলামত হিসেবে দেখানো যাবে না। ট্রাইব্যুনাল বলেন, আগামীকাল (আজ বৃহস্পতিবার) এ বিষয়ে দুই পক্ষের যুক্তি শোনা হবে।রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী হেলালউদ্দিনের জবানবন্দি অসমাপ্ত অবস্থায় বিকেল চারটার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।