আলাল কারাফটক থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে কারাফটক থেকে গ্রেপ্তার করা হয়েছে। জামিনে মুক্ত হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হওয়ার পর ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোয়াজ্জেম হোসেনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁকে মতিঝিল এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।তল্লাশি: ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। রাত ১১টার দিকে পুলিশ তাঁর বাসায় তল্লাশি শুরু করে। এ সময় তিনি বাসায় ছিলেন না বলে জানিয়েছেন ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি বলেন, তাঁরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের খোঁজেও তল্লাশি শুরু করেছেন।এদিকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেবি) চেয়ারম্যান আন্দালিব রহমানের বারিধারার বাড়ির সামনে গতকাল রাতে অবস্থান নেয় পুলিশ। তবে বাড়িতে তল্লাশির খবর রাত পৌনে একটায় প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।