আলালসহ ছয়জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এঁদের সঙ্গে আটক বাকি ৫৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আগের দিন গ্রেপ্তার হওয়া যুবদলের ৬৩ নেতা-কর্মীকে গতকাল রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে হাজির করে পুলিশ। তাঁদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ সাতজনকে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে মোহাম্মদপুর থানার পুলিশ।
শুনানি শেষে আদালত মোয়াজ্জেম হোসেনসহ ছয়জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত অন্যরা হলেন যুবদলের কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান, মোহাম্মদপুরের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতা আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম ও রুবেল হাওলাদার। মোহাম্মদ জাহাঙ্গীর নামের অপর একজন অসুস্থ হয়ে পড়ায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাঁকে চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া বাকি ৫৭ জনকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। সব আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নাকচ করে দিয়ে বাকি ৫৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মোয়াজ্জেম হোসেনের লালমাটিয়ার বাসার বৈঠকখানা থেকে যুবদলের ৬৩ জনকে আটক করে পুলিশ। তাঁরা পরদিনের হরতালে নাশকতার পরিকল্পনার ছক তৈরি করতে বৈঠক করছিলেন বলে অভিযোগ এনে পুলিশ সবার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে।