আলালের অন্তবর্তীকালীন জামিন
বিশেষ ক্ষমতা আইনে করা এক মামলায় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাঁর করা জামিন আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।
সগীর হোসেন প্রথম আলোকে বলেন, রুল জারির পাশাপাশি আদালত মোয়াজ্জেম হোসনের এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। এর ফলে তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই।
গত ২৫ অক্টোবর রাজধানীর লালমাটিয়ায় আলালের নিজ বাসা থেকে তাঁকেসহ ৬৩ জনকে আটক করে পুলিশ। আইনজীবী সূত্র জানায়, হরতালে (২৬ অক্টোবর) নাশকতা সৃষ্টির পরিকল্পনার ছক তৈরি করতে ওই বৈঠক করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করে পুলিশ।