আলিফ হত্যায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী আহম্মেদ আলিফ বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় দোষী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সমাবেশে ছাত্র নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী এ আশ্বাস দেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আলিফ হত্যায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার, করা হবে। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা যদি না থাকে, তবে লেখাপড়া করে কী লাভ?’ এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ‘যে দাবিগুলো তোলা হয়েছে, তার সঙ্গে দ্বিমত করার কোনো বিষয় নেই। বিষয় হলো এগুলো কার্যকর করা এবং এ ঘটনাগুলো আগেও ঘটেছে। এ ঘটনাগুলো কোনোভাবেই আমরা সহ্য করতে পারি না।’ এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও সমাবেশে তিনি শিক্ষার্থীদের জানান।
গত বছর একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহীনুর আলম নিহত হওয়ার ঘটনায় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সবগুলো কেন পূরণ হয়নি? জানতে চাইলে মন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমরা এ দাবিগুলোর সঙ্গে একমত, এগুলো পূরণের চেষ্টা আমরা করব।’

সমাবেশ শেষে আলিফ হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে শিক্ষামন্ত্রীর কাছে পাঁচ দফার একটি স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁদের দাবি আদায়ের জন্য মৌন মিছিল করেন।

গত মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক এলাকার রাস্তার অপর পাশে (পুরাতন বিমানবন্দরের ৯ নম্বর ফটকের সামনে) পেছন থেকে আসা ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসের ধাক্কায় মারা যান আলী আহম্মেদ আলিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।