আলিফের খুনিদের বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
স্কুলছাত্র আলিফ আহম্মেদ স্বপ্নর খুনিদের বিচারের দাবিতে গতকাল রোববার কুড়িগ্রাম শহরে মানববন্ধন হয়েছে। নারী, শিশুসহ কয়েক শ লোক সকালে কুড়িগ্রাম শহীদ মিনার এলাকায় এক ঘণ্টার মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর উদ্যোগে কুড়িগ্রাম শহীদ মিনার এলাকায় মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
২১ ডিসেম্বর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আলিফ আহম্মেদ (১৪) নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ভেলাকোপা এলাকার হানাগড়পাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, শহরের সরদারপাড়ার ব্যবসায়ী সুলতান আহম্মেদের একমাত্র ছেলে আলিফ ২১ ডিসেম্বর সকালে তাদের ফ্ল্যাট থেকে বন্ধু রিফাতের সঙ্গে বের হয়ে আর ফেরেনি। রিফাত কুড়িগ্রাম রিভারভিউ উচ্চবিদ্যালয়ের ছাত্র। বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে রিফাত ও তার মা মোর্শেদা বেগমকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বন্ধু আকাশের সহায়তায় আলিফকে খুনের কথা স্বীকার করে রিফাত। তার দেওয়া তথ্য অনুযায়ী, তাদের বাসার সেপটিক ট্যাংক ভেঙে আলিফের লাশ উদ্ধার করা হয়।
কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মাসুদ আলম বলেন, আকাশসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রিফাত কিশোর হওয়ায় শনিবার তাকে যশোরের পুলেরহাটে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তার মাকে কুড়িগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আর মিস্ত্রি আবদুস সাত্তারকে সাক্ষী করে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ৮ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
জানতে চাইলে পুলিশ সুপার তরারকউল্লাহ প্রথম আলোকে বলেন, আকাশসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।