বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা স্বাস্থ্য পরিদর্শক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী সহকর্মীকে যৌন হয়রানি করার অভিযোগে বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা স্বাস্থ্য পরিদর্শককে গতকাল বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে বলে সিভিল সার্জন উদয় শঙ্কর চাকমা জানান।
অভিযুক্ত ভারপ্রাপ্ত জেলা স্বাস্থ্য পরিদর্শক সুজন বড়ুয়ার দাবি, ষড়যন্ত্রকারী একটি মহলের পাল্লায় পড়ে ওই নারী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। তিনি বলেন, ওই নারী তাঁর জ্যেষ্ঠ সহকর্মী। তাঁর সঙ্গে কখনো তিনি খারাপ আচরণ করেননি।
বান্দরবান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুল আবছার বলেন, ওই নারী স্বাস্থ্য পরিদর্শক কয়েক দিন আগে লিখিতভাবে যৌন হয়রানির বিষয়টি জেলা পরিষদকে জানান। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা পরিষদ সিভিল সার্জনকে নির্দেশ দেয়। পরে সুজন বড়ুয়াকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
ওই নারী স্বাস্থ্য পরিদর্শক প্রথম আলোকে বলেন, ভারপ্রাপ্ত জেলা স্বাস্থ্য পরিদর্শকের দায়িত্ব তাঁকে দেওয়ার কথা ছিল। পারিবারিক সমস্যায় তিনি জেলা সদরে থাকতে না পারায় তাঁর চেয়ে কয়েক বছরের কনিষ্ঠ সুজন বড়ুয়াকে এ দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দায়িত্ব নিয়েই সুজন বড়ুয়া তাঁকে নানাভাবে যৌন হয়রানি শুরু করেন। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে জেলা পরিষদে অভিযোগ করেন। এখন সিভিল সার্জন তাঁকে যৌন হয়রানির সাক্ষ্য-প্রমাণ হাজির করতে বলায় তিনি আরও বিব্রতকর অবস্থায় পড়েছেন।
এ বিষয়ে বান্দরবানের সিভিল সার্জন উদয় শঙ্কর চাকমা বলেন, জেলা পরিষদের নির্দেশে সুজন বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এখন বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সামান্যতম প্রমাণ পাওয়া গেলে সুজন বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।