আলিমে পাসের হার কমেছে
চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সমমানের আলিম পরীক্ষায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। গতকাল রোববার উচ্চমাধ্যমিকের সঙ্গে একযোগে আলিম পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়।
এ বছর আলিম পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক শূন্য ২ শতাংশ। গত বছর আলিম পরীক্ষায় পাসের হার ছিল ৮৮ দশমিক ১৯ শতাংশ।
আলিম পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৪১৪ জন।
ফল বিশ্লেষণে দেখা যায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে আছে। ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৩৩ আর ছাত্রীদের পাসের হার ৭৬ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও ছেলেরা এগিয়ে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৬ জন আর মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৯৯ জন।
এবার সাধারণ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৪৭০ জন। এর মধ্যে পাস করেছেন ৬৮ হাজার ২০০ জন। এই বিভাগে পাসের হার ৭৬ দশমিক ২৩ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে আলিম পরীক্ষায় মোট ৭ হাজার ৮৯ জন অংশ নিয়ে পাস করেছেন ৬ হাজার ২১৯ জন। বিজ্ঞানে পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ। আর মুজাব্বিদ শাখা থেকে আলিম পরীক্ষায় অংশ নেয় ২৪৩ জন। এর মধ্যে পাস করেছেন ১৪২ জন। এই বিভাগে পাসের হার ৫৮ দশমিক ৪৪ শতাংশ।