চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলী মর্তুজা চৌধুরী হত্যার বিচার ১০ বছরেও শেষ হয়নি। আলোচিত এই হত্যাকাণ্ডের বর্তমানে কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন আলী মর্তুজার পরিবারের সদস্যরা। এতে মর্তুজার পরিবারের পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। তাঁরা বর্তমান মহাজোট সরকারের আমলে এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবি জানান। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা আলী মর্তুজার দশম মৃৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে তিন দিনের কর্মসূচি পালন করে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন। ২০০১ সালের ২৯ ডিসেম্বর গ্রামের বাড়ি ফতেয়াবাদের ছড়ারকুল এলাকার একটি সেলুনে আলী মর্তুজাকে সন্ত্রাসীরা খুন করে। এ হত্যাকাণ্ডের জন্য নিহতের পরিবার ও ছাত্রলীগ সরাসরি ছাত্রশিবিরকে দায়ী করে। নিহতের বড় ভাই এবং বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১০ বছরেও বিচারকাজ সম্পন্ন না হওয়ায় আমাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। বর্তমান মহাজোট সরকার দ্রুত এ বিচারকাজ সম্পন্ন করবে বলে আমাদের আশা।’হাটহাজারী থানা সূত্র জানায়, হত্যার পরদিন ৩০ ডিসেম্বর নিহতের বড় ভাই আলী নাসের চৌধুরী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে। পুলিশ ২০০৪ সালে আলোচিত এ মামলার অভিযোগপত্র দেয়।হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএস থোয়াই প্রথম আলোকে বলেন, ‘মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।’নিহতের পরিবারের অভিযোগ, তৎ কালীন জোট সরকারের মন্ত্রী ও সাংসদদের প্রভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে তিনজনকে রাজনৈতিক বিবেচনায় মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন সাইফুল ইসলাম, শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম ও সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি হাবিব খান বর্তমানে আরব আমিরাতে আছেন। অন্য আসামি সাইফুল ইসলাম বর্তমানে ইসলামী ব্যাংকে কর্মরত। আবদুল আউয়াল বিদেশে পলাতক এবং আসামি দিদারুল আলম ঢাকায় ব্যবসা করছেন। মামলার বাদী ও নিহতের বড় ভাই আলী নাসের চৌধুরী বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িতদের রাজনৈতিক বিবেচনায় মামলার অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। এ কারণে আমরা এ মামলার বিচার কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নই। তাই পুনঃতদন্তের মাধ্যমে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া আসামিদের নাম যুক্ত করা হোক।’এদিকে, ২০০৩ সালের অক্টোবরে তৎ কালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলী মর্তুজার বাড়িতে যান এবং ক্ষমতায় এলে দ্রুত এ বিচারকাজ সম্পন্ন করার আশ্বাস দেন বলে জানান নিহতের বড় ভাই আলী নাসের চৌধুরী।