আলীকদম বাজারে আগুন, দুই শতাধিক দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলা সদরের বাজারে বুধবার দিবাগত রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে চারটার দিকে একটি দোকানে আগুন লেগে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাজারের বেশির ভাগ দোকান বাঁশের তৈরি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আলীকদম ও পাশের লামা উপজেলায় দমকল বাহিনীর কোনো কার্যালয় না থাকায় চকরিয়া থেকে আগুন লাগার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসেন। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মাহমুদ ও আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসীম সরওয়ার জানান, সকাল ছয়টানাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আট-১০টি ছাড়া প্রায় ২২৫টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ওসি নিয়াজ মাহমুদ জানান, অগ্নিকাণ্ডে আড়াই-তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসীম সরওয়ার দাবি করে বলেন, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকার বেশি হবে। আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওয়াব আসলাম হাবিব জানান, বাজারে জ্বালানি তেলের ডিপো থাকায় সহজে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।