আলীকদম-লামা-চকরিয়া সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
বান্দরবানের আলীকদম-লামা-চকরিয়া সড়কে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে পরিবহন শ্রমিক-মালিকেরা জানিয়েছেন।
গতকাল সকাল থেকে ওই সড়কে মোটরসাইকেল ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে লামা, আলীকদম এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। জিপ-বাস মালিক সমিতির সহসভাপতি মো. হোসেন বাদশা বলেন, মূল সড়কে মোটরসাইকেলে অবৈধভাবে যাত্রী পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের ধর্মঘট চলবে।
পরিবহন শ্রমিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কামাল আজাদ বলেন, গত কয়েক মাস ধরে দুই শতাধিক মোটরসাইকেলে যাত্রী পরিবহন করায় পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতে জিপ-বাসে যাত্রী কমে যাওয়ার পাশাপাশি মোটরসাইকেলের দুর্ঘটনা ও প্রতারণার দায়ও তাঁদের নিতে হচ্ছে।
মোটরসাইকেল চালকদের নেতা ও লামা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি অযৌক্তিক উল্লেখ করে বলেন, যাত্রীদের যার যেভাবে সুবিধা সেভাবে যাতায়াত করার অধিকার রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে লামা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, মোটরসাইকেল চালকেরা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিজয়ী চেয়ারম্যানকে শোভাযাত্রাসহকারে সংবর্ধনা দিয়েছিলেন। বিষয়টি মেনে নিতে না পেরে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরা তাঁদের সমর্থক পরিবহন মালিক-শ্রমিকদের নেতাদের দিয়ে ধর্মঘট করাচ্ছেন।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন্নাহার বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আজ বুধবার আবার বৈঠক হবে।