আলীকদমে অগ্নিকাণ্ডে ১৯টি ঘর ও দোকান পুড়ে গেছে
বান্দরবানের আলীকদম উপজেলা সদরের বাজার মারমাপাড়ায় গত রোববার রাতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯টি ঘরবাড়ি ও দোকান পুড়ে গেছে। একটি চক্র মারমাদের উচ্ছেদ করে পাড়া দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে বলে পাড়াবাসী অভিযোগ করেছেন। পাড়ার কার্বারী (পাড়াপ্রধান) থোয়াইচি মং মারমা অভিযোগ করেন, গত বছর থেকে এ পর্যন্ত পাড়ায় সাতবার আগুন লাগানো হয়েছে। পাড়াবাসী সচেতন বলে প্রতিবারই আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। প্রত্যক্ষদর্শী ও পাড়ার লোকজন বলেছেন, রাত সাড়ে ১২টার দিকে পাড়াসংলগ্ন একটি কামারের দোকানের পাশে খালি জায়গায় আবর্জনার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। এতে সাতটি দোকান, আটটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং আরও চারটি বসতবাড়ি আংশিক পুড়ে গেছে। দুর্গত ব্যক্তিরা বলেছেন, অগ্নিকাণ্ডে ঘরবাড়ি, মালামালসহ তাঁদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজারপাড়ার বাসিন্দা ধুংরি মারমা বলেছেন, গত বছর থেকে পাড়াটির ওপর একটি চক্র চক্রান্ত চালাচ্ছে। তারা বারবার আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি এবং পাড়াবাসীকে নিঃস্ব করে জায়গা-জমি দখলের জন্য পাঁয়তারা করছে। তিনি বলেন, আগুন লাগানোর ব্যাপারে কয়েকবার থানায় জিডি করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ হোসাইন বলেছেন, কামারের দোকানের পাশে আবর্জনা থেকে আগুন লেগেছে বলে সবাই বলছেন। কিন্তু কারা আগুন দিয়েছিল এবং সেখান থেকে কীভাবে ছড়িয়ে পড়ে, তা জানা যায়নি। আগে কয়েকবার আগুন লাগানোর ব্যাপারে এবং এবারও নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে কি না, তাঁদের জানা নেই বলে ওসি জানান।