আলীকদমে আদিবাসী কিশোরীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
বান্দরবানের আলীকদমে ১৩ বছরের এক ম্রো আদিবাসী কিশোরীকে অপহরণের দুই ঘণ্টা পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার আলীকদম থানায় অজ্ঞাতনামা ১০-১২ জন অপহরণকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্থানীয় ম্রো আদিবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে, আলীকদম উপজেলা সদরসংলগ্ন ইয়ংকিপাড়ার পাকো ম্রোর কিশোরী মেয়েকে অপহরণ করা হয়। পাকো ম্রো জানিয়েছেন, তিনি পরিবারসহ পাড়া থেকে কিছু দূরে তুক্ষ্যংঝিরির খামারে থাকেন। গত সোমবার তিনি ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। কিশোরী মেয়েটি ও তার চার-পাঁচ বছরের ছোট বোনকে নিয়ে একাকি ছিল। এ সুযোগে একদল দুর্বৃত্ত তাঁর কিশোরী মেয়েকে অপহরণ করে। বাজার থেকে বাড়ি ফেরার পথে মারাঙ ম্রো কার্বারিসহ (পাড়াপ্রধান) লোকজন মেয়েটিকে উদ্ধার করেন। মারাঙ কার্বারি জানিয়েছেন, তাঁরা বাজার থেকে ফেরার পথে ইয়ংকিপাড়া ও পাকো ম্রোর খামার থেকে কিছু দূরে গেলে জঙ্গলের একটি টিলার ওপর মেয়েটির আর্তচিৎকার শুনতে পান। সেখানে গিয়ে দেখেন, পাকো ম্রোর মেয়েকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে। তাঁরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন কিন্তু কোনো লোকজনকে দেখতে পাননি। মেয়েটি জানিয়েছে, তাঁদের আওয়াজ শুনে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। আরাকান থেকে আসা অবৈধ বসবাসকারী রোহিঙ্গারাই কিডনি পাচারের জন্য কিশোরীকে অপহরণ করে থাকতে পারে বলে মারাঙ কার্বারি ধারণা করছেন। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছেন, অজ্ঞাতনামা ১০-১২ জন অপহরণকারীকে আসামি করে একটি মামলা হয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানান।