বান্দরবানের আলীকদম থেকে জেলা পরিষদের সাবেক সদস্য উক্যমং চৌধুরীর স্ত্রী সু ইনু মারমা (৫৫) গতকাল বুধবার সন্ধ্যায় অপহূত হয়েছেন। অপহরণকারীরা তাঁর পরিবারের সদস্যদের কাছে মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। সু ইনুকে উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশসহ স্থানীয়রা অভিযান চালাচ্ছে বলে সেনা ও পুলিশের কর্মকর্তারা জানান। পুলিশ ও স্থানীয়রা জানায়, সু ইনু গতকাল দুপুরে উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে কিংপু ম্রো পাড়ায় অবস্থিত তাঁদের বাগানের কাজে যান। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মুখোশধারী চার-পাঁচজন লোক তাঁকে অপহরণ করে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার অপহূত নারীর পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, সু ইনু অপহূত হওয়ার কয়েক ঘণ্টা পর একটি মুঠোফোন থেকে বাড়ির ফোনে একটি কল আসে। সেই ফোনে সু ইনু জানান, তাঁকে এক জায়গায় আটকে রাখা হয়েছে। ৫০ হাজার টাকা দিলে অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেবে। কিন্তু এর পর থেকে ওই মুঠোফোনটি বন্ধ রয়েছে। তাই সু ইনুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও ওসি জানান। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর আলীকদম জোনের একজন কর্মকর্তা জানান, অপহূতকে উদ্ধারে অভিযান চলছে। সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে স্থানীয়রাও এ কাজে সহযোগিতা করছে।