আলীকদমে তামাক চাষ কমাতে কৃষকদের সহজ শর্তে ঋণদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক চাষের বদলে শস্য চাষে উদ্বুদ্ধকরণে কৃষকদের সহজ শর্তে, কম সুদে ঋণদানের উদ্যোগ নেওয়া হয়েছে। মাতামুহুরী নদী ও স্থানীয় খালের চরগুলোতে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। আলীকদম কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. ইউনুছ বলেন, প্রতিবছর রবি মৌসুমে কৃষকদের শস্যঋণ দেওয়া হয়। এটি কৃষি ব্যাংকের একটি চলমান প্রক্রিয়া। এবারও এর ব্যত্যয় ঘটবে না।প্রশাসন সূত্র জানায়, উপজেলায় আশঙ্কাজনক হারে তামাক চাষ বেড়েছে। তামাকের আগ্রাসনে গত দুই দশকে সবজি চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন কৃষকেরা। শুষ্ক মৌসুমে রবি শস্য চাষযোগ্য জমিতে এখন কোনো ফসলের চাষ হচ্ছে না। হলেও খুবই কম। একসময় যেসব কৃষক শাকসবজি ও অন্যান্য ফসলের চাষ করতেন, এখন তাঁরা তামাক চাষে ঝুঁকে পড়েছেন। মাতামুহুরী নদী ও স্থানীয় খালের চরগুলোতে তামাক চাষের বদলে শাকসবজি এবং অন্য ফসলাদি চাষ করতে ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। তামাক কোম্পানিগুলোর নানাবিধ সুযোগ-সুবিধা দানের ফলে তামাক চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সহজ শর্তে, কম সুদে ঋণ পেলে কৃষকেরা কিছুটা হলেও তামাক চাষে নিরুৎসাহিত হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।জানতে চাইলে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক সরকারি ব্যাংকগুলো থেকে কৃষকদের শস্য চাষে সহজ শর্তে ঋণের সহায়তা দেওয়া হবে।