আলীকদমে দুই ম্রো আদিবাসী গ্রেপ্তার, অস্ত্র মামলায় জেলে
ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) সদস্য সন্দেহে সেনাবাহিনী বান্দরবানের আলীকদম থেকে সাতজন ম্রো আদিবাসীকে বন্দুক, পিস্তল, বারুদ ও বল্লমসহ গত মঙ্গলবার আটক করে। পরে দুজনকে পুলিশে দেওয়া হয়। পুলিশ অস্ত্র মামলা দিয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠিয়েছে।সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লে. কর্নেল শাহীদ মোস্তফা জানান, সেনাবাহিনী মাতামুহুরি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পুয়ামুহুরি এলাকায় গত মঙ্গলবার অভিযান চালায়। এ সময় এমএনপির সদস্য সন্দেহে সাতজন ম্রো আদিবাসীকে আটক করা হয়। তাঁদের কাছে তিনটি গাদা বন্দুক, একটি গাদা পিস্তল, ২০ গ্রাম বারুদ ও ১০টি বল্লম পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে গত বৃহস্পতিবার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এঁরা হলেন, ইয়াংরিংপাড়ার মেনয়া ম্রো ও লংঙি ম্রো।আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হোসাইন বলেন, মেনয়া ম্রো ও লংঙি ম্রোকে বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়। গতকাল তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে একজন ম্রো নেতা বলেন, গহিন অরণ্যে বসবাসকারী ম্রো আদিবাসীরা বন্য জীবজন্তু থেকে নিরাপদ থাকতে যুগ যুগ ধরে নিজেদের তৈরি এক ধরনের বন্দুক ব্যবহার করে। এটা মানুষের ক্ষতি করার উপযোগী নয়। আর বল্লম ম্রো আদিবাসীদের ঐতিহ্যের অংশ। বিয়ের সময় প্রত্যেক ম্রোকে কনেপক্ষ পণ হিসেবে বল্লম দিয়ে থাকে। এগুলোকে অস্ত্র হিসেবে দেখিয়ে ম্রোদের অস্ত্র মামলায় জড়িয়ে তাদের ঐতিহ্যের প্রতি সংবেদনশীলতা দেখানো হচ্ছে না বলে ওই ম্রো নেতা অভিযোগ করেন। তবে লে. কর্নেল শাহীদ মোস্তফা বলেন, ম্রোদের ঐতিহ্যের দিক বিবেচনা করেই তাদের বন্দুকগুলো নম্বর দিয়ে নথিভুক্ত করা হয়েছে। ওই নম্বর বহির্ভূত বন্দুক পাওয়া গেলেই কেবল তা জব্দ করা হয় বলে তিনি জানান।