আলীকদমে পপিখেত ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম আলোঝিরি এলাকার চন্দ্রমণি ত্রিপুরাপাড়ায় গতকাল মঙ্গলবার সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে একটি ছোট আকারের পপিখেত (আফিম ও হেরোইন উৎপাদনের গাছ) ধ্বংস করেছে।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আলীকদম-থানচির নির্মাণাধীন সড়কের পাশে পপি চাষ হচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চন্দ্রমণি ত্রিপুরাপাড়ায় একটি আলুখেতসংলগ্ন জায়গায় পপিখেত পাওয়া যায়।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, প্রায় শুষ্ক অবস্থায় পাওয়া গাছগুলোর সঙ্গে জীবিত গাছগুলোও কেটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পপিখেতের মালিক নিহাত ত্রিপুরাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য নয়, ভেষজ ওষুধ হিসেবে পারিবারিকভাবে ব্যবহারের জন্য আদিবাসীদের কেউ কেউ ছোট আকারে পপি চাষ করে থাকেন। পপিগাছ থেকে উৎপাদিত আফিম পেটব্যথা এবং ডায়রিয়ার চিকিৎসায় তাঁরা ব্যবহার করেন।
এসআই আবদুল মান্নান বলেন, পপি চাষের ব্যাপারে আরও বিস্তারিত তদন্ত করা হচ্ছে।