আলীকদমে প্রতিমা ভাঙচুর, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলায় একদল দুর্বৃত্ত গত রোববার সন্ধ্যায় স্থানীয় হরি মন্দিরে ঢুকে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে। বাধা দেওয়ায় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মন্দিরের সভাপতি মনমোহন কর্মকার আহত হয়েছেন।ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার জেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির উদ্যাপন কমিটি বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, আলীকদম উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে চৈক্ষ্যং ইউনিয়নের ভরিমুখ হরি মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালায়। হরি মন্দির কমিটির সভাপতি মনমোহন কর্মকার বলেছেন, সন্ধ্যায় তাঁরা শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের জন্য মন্দিরে সভা করছিলেন। হঠাৎ ১০-১২ জন লোক দরজা-জানালা ভেঙে মন্দিরে ঢুকে চারটি প্রতিমা ভাঙচুর করে। হিন্দুপাড়ার নারী-পুরুষ সবাই এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে মনমোহন কর্মকারের কানের একাংশ কেটে গেছে।ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী হরি মন্দিরে গিয়ে আবুল কালাম ওরফে আলম নামে একজনকে গ্রেপ্তার করে। মন্দিরের সভাপতি মনমোহন কর্মকার আলীকদম থানায় আটজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আসামিরা হলেন—জাফর আলম, বাবুল, মনু, আবুল কালাম, মনজুর আলম, সৈয়দ আলম, মাহমুদুল হক ও মহিউদ্দিন। এদিকে, মানববন্ধনে বক্তব্য দেন সঞ্জয় দাশ, লক্ষ্মীপদ পাল, কানু চক্রবর্তী, অনিল কান্তি দাশ, সুধাংশ বিমল চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার প্রমুখ।