আলীকদমে বদিউলের রোপণ করা চারা ধ্বংস করল আদিবাসীরা
বান্দরবানের আলীকদম উপজেলায় বদিউল আলম ওরফে বদির রোপণ করা লক্ষাধিক গাছের চারা আদিবাসীরা গতকাল বুধবার সকালে কেটে ও উপড়ে ফেলেছে। বদিউলের বিরুদ্ধে আলীকদম-থানচি সড়কের পাশের কয়েক হাজার একর জমি অবৈধভাবে দখল করার অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় তারা এ কাজ করেছে।বদিউল আলমের ভূমি দখলের ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের একটি তদন্ত কমিটির ১৬ জুন দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বদিউলের বৈধ কোনো কাগজপত্র নেই। কিন্তু তিনি প্রায় ১০ হাজার একর জমি অবৈধভাবে দখল করেছেন। তাঁর দখলের কারণে উক্লিং ম্রোপাড়া উচ্ছেদ হয়েছে। দখলকৃত ভূমি দ্রুত উদ্ধার করা না গেলে আরও ২১টি ম্রো, ত্রিপুরা ও মারমাপাড়া উচ্ছেদ হবে।বদিউলের ঘনিষ্ঠরা অভিযোগ করেছেন, তাঁরা মঙ্গলবার উক্লিং ম্রোপাড়া ও ধর্মচরণ ছোনমপাড়া এলাকায় লক্ষাধিক গাছের চারা রোপণ করেছিলেন। গতকাল ভোর থেকে তাঁদের শ্রমিকদের তাড়িয়ে দিয়ে সেই চারাসহ আগে রোপণ করা রাবার, একাশিয়াসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক গাছের চারা আদিবাসীরা ধ্বংস করে দিয়েছে।আলীকদম-থানচি সড়কের উক্লিং ম্রোপাড়ার কার্বারি ও জনসংহতি সমিতির আলীকদমের সাধারণ সম্পাদক চাহ্লামং মারমা জানান, বদিউলের অবৈধভাবে জমি দখলের ব্যাপারে ২০১০ সাল থেকে তাঁরা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এ ব্যাপারে তাঁরা উপজেলা ও জেলা শহরে বহু সমাবেশ ও মানববন্ধন করেছেন এবং প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু কিছুই হয়নি। গত মঙ্গলবার প্রশাসনের লোকজন নিয়ে বদিউল জুমের ফসল কেটে চারা রোপণ করেছেন। প্রশাসনের কাছে অভিযোগ করে প্রতিকার না পাওয়ায় আদিবাসীরা ক্ষুব্ধ হয়ে বদিউলের লোকজনকে তাড়িয়ে দিয়েছে এবং কেউ কেউ গাছের চারা তুলে ফেলেছে।কুমিল্লার বাসিন্দা বদিউল আলম জানান, তিনি আদিবাসীদের কোনো জমি দখল করেননি। তিনি আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের ইজারা নেওয়া ৫০০ একরের মতো জমিতে বাগান করছেন। কিন্তু অন্যের নামের জমিতে বাগান করার আইনগত বৈধতা আছে কি না, জানতে চাইলে তিনি কিছু বলেননি। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাব্বির আহমদ ও একজন সেনা কর্মকর্তা বদিউলকে জমি দখল ও চারা রোপণে সহযোগিতা করার কথা অস্বীকার করেছেন।পুলিশ সুপার কামরুল আহসান জানান, বদিউলকে জমির কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। তাঁর চারা কেটে ফেলার অভিযোগের ব্যাপারেও তদন্ত করা হচ্ছে। জমির বৈধ কাগজপত্র হাজির করতে না পারলে বদিউলের বিরুদ্ধে মামলা করা হবে।