আলীকদমে বিজিবির ৫৭ ব্যাটালিয়নের পতাকা উত্তোলন
বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৭ ব্যাটালিয়নের পতাকা উত্তোলন গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে অনুষ্ঠিত হয়েছে। পতাকা উত্তোলন করেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।
জমি অধিগ্রহণসংক্রান্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জতে বিজিবি প্রশিক্ষণকেন্দ্রে ৫৭ ব্যাটালিয়নের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সকালে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিজিবির মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ৫৭ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হবে আলীকদম উপজেলার মোড়নীপাড়া সীমান্তচৌকির ২৩৫৬ পিলার থেকে ২৩৭০ পিলার পর্যন্ত। ৫৬ কিলোমিটারের এ সীমান্তে ১০টি সীমান্তচৌকি (বিওপি) স্থাপন করা হবে। ইতিমধ্যে পাঁচটি চৌকি স্থাপনে জমি বরাদ্দ পাওয়া গেছে।
সারা দেশে বিজিবির সাংগঠনিক কাঠামোগত পুনর্গঠনে বান্দরবান পার্বত্য জেলায় একটি নতুন সেক্টর ও দুটি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন করা হচ্ছে। বান্দরবান-রোয়াংছড়ি সড়কের ক্রাইক্ষ্যংপাড়ায় সেক্টর সদর দপ্তর, রুমায় ৫৩ ব্যাটালিয়ন ও আলীকদমের বাবুপাড়া এলাকায় ৫৭ ব্যাটালিয়ন সদর দপ্তরের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।
বিজিবির মহাপরিচালক গতকাল ক্রাইক্ষ্যংপাড়া এলাকায় সেক্টর সদর দপ্তরের জন্য অধিগ্রহণ প্রক্রিয়াধীন জমি পরিদর্শনে যান। সেখানে তিনি বলেছেন, কাউকে ক্ষতিগ্রস্ত করে বিজিবি জমি অধিগ্রহণ করবে না।
ক্রাইক্ষ্যংপাড়া এলাকায় সেক্টর সদর দপ্তরের জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয় আদিবাসীরা শুরু থেকে প্রতিবাদ করে আসছে। জমিটি তাদের পাড়ার জমি ও শ্মশানভূমি বলে আদিবাসীরা দাবি করেছেন।