আলীকদমে সন্ত্রাসী হামলায় গাছ কাটা শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম চাইম্প্রা ঝিরিতে এক শ্রমিক খুন হয়েছেন। গতকাল সোমবার সকালে গাছ কাটার উদ্দেশ্যে দুর্গম পাহাড়ি পথ ধরে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় তিনি নিহত এবং অপর এক শ্রমিক গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক মাস ধরে প্রতিদিনই ২৩ জন গাছ কাটার শ্রমিক উপজেলা সদর থেকে অন্তত ৩৫ কিলোমিটার দূরের দুর্গম চাইম্প্রা ঝিরি এলাকায় জোতের কাঠ (শুল্কের বিনিময়ে ব্যক্তি উদ্যোগে গাছ কাটা) কাটতে যান। প্রতিদিনের মতো গতকাল সকালেও কাঠ কাটতে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কোপে মো. জয়নাল (৩৫) ঘটনাস্থলেই মারা যান। নিহত জয়নাল কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের উসমান আলীর ছেলে। এ সময় সন্ত্রাসীরা অপর শ্রমিক মো. শাহাদতকেও (২৫) কুপিয়ে জখম করে। আহত ব্যক্তি একই উপজেলার শিলখালী গ্রামের বদিউল আলমের ছেলে। সন্ধ্যায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এখান থেকে পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চকরিয়ার কাঠ ব্যবসায়ী কুতুব উদ্দিন জানান, হতাহত ব্যক্তিরা তাঁর নিয়োজিত কাঠুরিয়া ছিলেন। কারা এ হামলা চালাল, তা তিনি বুঝতে পারছেন না। উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, সেনা ও কর্মকর্তারা লাশ দেখতে হাসপাতালে যান।