আলীকদমে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
বান্দরবানের আলীকদম উপ-জেলার দুর্গম এলাকায় গত বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য পালে ম্রোকে হত্যা করেছে সন্ত্রাসীরা।ম্রো আদিবাসী সম্প্রদায়ের পালে ম্রো আলীকদম ইউপির সাবেক সদস্য।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদমের দুর্গম পুয়ামুহুরি ইন্দু এলাকার একটি ম্রোপাড়ায় বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী হানা দেয়। সন্ত্রাসীরা বিভিন্ন বাড়িতে খোঁজার পর পালে ম্রোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।নাম প্রকাশে অনিচ্ছুক আলীকদমের কয়েকজন বাসিন্দা বলেন, কথিত ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) কয়েকজন সদস্য গত দুই মাসে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং দুই পক্ষের সংঘর্ষে তাঁদের প্রধান মেনরুম ম্রো নিহত হন। গ্রেপ্তারের ঘটনায় পালে ম্রোর হাত ছিল বলে এমএনপি সন্দেহ করে। তখন থেকে পালে ম্রো অধিকাংশ সময় আলীকদম উপজেলা সদরে থাকতেন। এমএনপির প্রধান নিহত হওয়ার পর সম্প্রতি তিনি ইন্দু এলাকায় নিজ বাড়িতে ফেরেন।আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হোসাইন বলেন, হত্যাকারী কারা এবং কেন পালে ম্রোকে হত্যা করেছে, তা জানা যায়নি। ইন্দু এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করা যায়নি।