আলীকদমে হামলায় নিহত ১, গ্রেপ্তার ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে গত মঙ্গলবার বহিরাগত ভূমি দখলদারদের হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় বুধবার ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্ষুব্ধ লোকজন হামলাকারীদের ধরে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করলেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার থেকে উপজেলা শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সেনাবাহিনীর আলীকদম ৩০ বীরের অধিনায়ক লে. কর্নেল আলমগীর বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) রাতে সেনাসদস্যদের প্রত্যাহার করা হবে।’ পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, ভূমিবিরোধের জের ধরে মঙ্গলবার চকরিয়ার ৩০-৩৫ জনের একদল লোক আলী আকবরের নেতৃত্বে আলীকদমের আমতলিপাড়ায় জসীম উদ্দিনের খামারে হামলা চালায়। হামলায় জসীম উদ্দিনের দুই ভাই আসহাব ও শাহাব উদ্দিন জখম হন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাব উদ্দিন মারা যান। আলী আকবরের দাবি, জসীম উদ্দিনের মালিকানা জমি তাঁর বন্দোবস্ত চৌহদ্দির মধ্যে পড়েছে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার বলেছেন, ঘটনার সঙ্গে সঙ্গে তাঁদের মুঠোফোনে সংবাদ দেওয়ার কথা সঠিক নয়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে গিয়েছেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করেছিলেন। গ্রেপ্তারকৃত ১৬ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।