বান্দরবানের আলীকদম উপজেলার সদর ও চৈক্ষ্যং ইউনিয়নের গহিন বনে গতকাল বৃহস্পতিবার এক অভিযানে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় একটি ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মো. ভূঁঞার নেতৃত্বে এই অভিযানে ইটভাটা দুটি বন্ধের নির্দেশের পাশাপাশি এগুলোর মালিকদের এক লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালানো ওই অভিযানে অন্যদের মধ্যে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাজমিনুর রহমান, পরিদর্শক হারুন অর রশীদ এবং র্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।পরিদর্শক হারুন অর রশীদ জানান, ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, পার্বত্য এলাকায় কোনো ইটভাটা হতে পারে না। আইন লঙ্ঘন করে বনের ভেতরে ইটভাটা স্থাপন করায় একটি ভাটার ড্রাম দিয়ে তৈরি চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কার্যক্রম বন্ধ রাখতে দুটি ভাটাকে নোটিশ দেওয়া হয়েছে। ইউএনও এ সময় সদর ইউনিয়নের খোরশেদ আলমের শফি ব্রিকসকে (এফবিএম) ৭০ হাজার টাকা ও চৈক্ষ্যং ইউনিয়নের মহিলা কারবারীপাড়ার আল আমিন ব্রিকসকে (এবিএম) ৫০ হাজার টাকা জরিমানা করেন।এ ছাড়া, সদর ইউনিয়নের বিছামারা এলাকার মো. জহির আলমের জেডআরসি ব্রিকসকে ৪০ হাজার, সোনাইছড়ি ইউনিয়নের চিংথোয়াইপাড়ায় মৌলানা মো. দিদারের ডিএবি ব্রিকসকে ৫০ হাজার এবং একই ইউনিয়নের মারোগ্যাপাড়া এলাকার মো. মনজুর আলমের এমএফজি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।