আ.লীগ প্রগতিশীলদের সঙ্গে রাখছে আবার ধর্মান্ধদেরও রাখতে চায়: আবুল মোমেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক হত্যা ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন লেখক-অধ্যাপক, অধিকারকর্মী ও সংস্কৃতিকর্মীরা
ছবি: প্রথম আলো

দেশে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয় চলছে। সাম্প্রদায়িকতা ও জাতিবিদ্বেষ বেড়ে চলছে। এসব কারণে একের পর এক শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনার কোনো বিচার হচ্ছে না। সংঘবদ্ধ প্রতিবাদ না হলে এমন ঘটনা আরও ঘটবে।

আজ বুধবার চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। সাভারের ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইল সদর উপজেলার ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অবমাননার ঘটনার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘নারায়ণগঞ্জেও শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছিল। কিন্তু এর কোনো বিচার হয়নি। দেশে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের পাশাপাশি সাম্প্রদায়িকতাও রয়েছে। সেটি নারায়ণগঞ্জের ঘটনা বলুন, উত্তরবঙ্গের কথা বলুন, হৃদয় মণ্ডল ও সাম্প্রতিক দুটি ঘটনার প্রতিটি একই।’

আবুল মোমেন বলেন, সমাজে শিক্ষকদের মতামতের গুরুত্ব আছে। হিন্দু সম্প্রদায়ের শিক্ষককে অপমান সমাজে বার্তা দেয়। সমাজের ভেতর সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা বিস্তার লাভ করছে। ধর্মভিত্তিক দলগুলো এতে ভর করে এগোচ্ছে। আওয়ামী লীগ প্রগতিশীলদের সঙ্গে রাখছে আবার ধর্মান্ধদেরও সঙ্গে রাখতে চায়। একাত্তরে এই আপস হয়নি। আবার পাকিস্তানের ভূত চাপানোর চেষ্টা চলছে। এটা এই দেশে চলবে না। একাত্তরের চেতনার বাংলাদেশকে ফিরিয়ে আনতে বৃহত্তর নাগরিক ঐক্য দরকার।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা বলেন, ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব বাড়ানো হচ্ছে। সাম্প্রদায়িকতা, নারীবিদ্বেষ, জাতিবিদ্বেষ দিন দিন এ পরিস্থিতির জন্য দায়ী। সংঘবদ্ধ প্রতিবাদ না হলে এমন ঘটনা আরও ঘটবে।

শিক্ষাবিদ আনোয়ারা আলম বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আমি চরম অপমানিত। শিক্ষকের কোনো ধর্ম থাকতে পারে না। তাঁরা মানুষ গড়ার কারিগর। সবাইকে এক হয়ে লড়াই করতে হবে।’

‘সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ চট্টগ্রাম’–এর ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষক, সংস্কৃতিকর্মী, কবি, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার, অধ্যাপক মো. জাহাঙ্গীর, নাট্যজন প্রদীপ দেওয়ানজি, কবি ও সাংবাদিক কামরুল হাসান, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান প্রমুখ। সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।