আলীম এক সভায় হিন্দুদের মালামাল লুট করতে বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তী। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে ক্ষেতলালের হাট শহরে রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের এক সভায় আলীম তাঁর বক্তব্যে হিন্দুদের মালামাল ও সহায়-সম্পত্তি লুট করতে বলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল দিলীপের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে দিলীপ বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর হাট শহর গ্রামে। একাত্তরে তাঁর বয়স ছিল ১৭ বা ১৮ বছর। মুক্তিযুদ্ধকালে জয়পুরহাট মহকুমার মুসলিম লীগের নেতা, শান্তি কমিটির চেয়ারম্যান ও রাজাকার বাহিনীর কমান্ডার আলীমের নেতৃত্বে বিভিন্ন থানায় হত্যা ও নির্যাতন হয়।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরে হাট শহর হাটে আলীম ও পাকিস্তানি মেজর আফজাল একটি সভা করেন। সভায় রাজাকার ও শান্তি কমিটির ৫০০-৬০০ জন সদস্য উপস্থিত ছিল। সেখানে মাইকে বক্তৃতাকালে আলীম হিন্দুদের মালামাল ও সহায়-সম্পত্তি লুট করতে বলেন। ওই বক্তৃতা তিনি বাড়িতে বসে শুনেছেন। ওই সভার সাত-আট দিন পর সম্ভবত ৯ জ্যৈষ্ঠ সকাল নয়টার দিকে বাড়ির চারদিকে অনেক মানুষের চিৎকার শোনেন। তিনি বাড়ি থেকে দেখেন, শান্তি কমিটির লোকজন, রাজাকার ও পাকিস্তানি সেনারা গ্রামের হিন্দুপল্লিতে লুট, নির্যাতন এবং অগ্নিসংযোগ করছে। তিনি এ সময় জীবন বাঁচাতে বাড়ির পাশের ঝোপে আশ্রয় নেন।দিলীপ বলেন, সকাল সাড়ে ১০টা-১১টার দিকে তিনি পাশের হারুনজা হাট গ্রাম থেকে চিৎকার শোনেন ও ধোঁয়া দেখেন। এর কিছুক্ষণ পর জানতে পারেন, তাঁদের গ্রাম থেকে সেনারা পাঁচজনকে ধরে হাট শহরের দিকে নিয়ে যাচ্ছে। তিনি ও তাঁদের গ্রামের সাইদুর রহমান (মৃত) গ্রামের হাটের কাছে খারাবতী থাড়ি নামক স্থানে লুকিয়ে কাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তা দেখার চেষ্টা করেন। ওই পাঁচজনকেই তিনি চিনতে পারেন। তাঁরা হলেন তাঁর কাকা মণিভূষণ চক্রবর্তী, প্রতিবেশী প্রভাষ চন্দ্র শীল, নিমাই চন্দ্র, কার্তিক চন্দ্র বর্মণ ও প্রিয়নাথ বর্মণ। একই সময় হারুনজা হাট থেকেও পাকিস্তানি সেনা, শান্তি কমিটি ও রাজাকারদের আর একটি দল পাঁচজনকে ধরে আনে। এই দুটি দল ধৃতদের নিয়ে হাটে একত্র হয়। হারুনজা হাট থেকে ধরে আনা পাঁচজনের মধ্যে শচীন ও বাদলকে তিনি চিনতে পারেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, আটক ১০ জনকে ক্ষেতলাল দাতব্য চিকিৎসালয়ে স্থাপিত শান্তি কমিটির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি ও সাইদুর তাদের অনুসরণ করে ওই কার্যালয়ের ৩০০ গজ দূরে তালপুকুর পাড়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকেন। ওই কার্যালয় থেকে তাঁরা নির্যাতনের শব্দ পান। কিছুক্ষণ পর ওই ১০ জনকে একটি গাড়িতে ওঠানো হয়। এ সময় শান্তি কমিটির একজন সদস্য আটক ব্যক্তিদের জয়পুরহাটে শান্তি কমিটির কার্যালয়ে আলীমের কাছে পৌঁছে দিতে বলেন। এরপর তিনি ও সাইদুর গ্রামে ফিরে আসেন। এর এক দিন পর লোকজনের কাছে জানতে পারেন, আলীমের নির্দেশে ওই ১০ জনকে পাকিস্তানি সেনারা খঞ্জনপুর কুঠিবাড়ির ঘাটে হত্যা করে। পরে তাঁদের গণকবর দেওয়া হয়।জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মুহম্মদ তারিকুল ইসলাম। একটি প্রশ্নের পর জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।