জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী সোলায়মান
আলীম ছাড়তে না চাইলেও পাকিস্তানি কর্নেল মুক্তি দেন
বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মো. সোলায়মান আলী ফকির (৭১)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে তিনি ভাতিজা আবদুস সামাদ মণ্ডলসহ জয়পুরহাট চিনিকলে আট দিন বন্দী ছিলেন। আলীম তাঁকে ছাড়তে না চাইলেও এক পাকিস্তানি কর্নেল তাঁকে মুক্তি দেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সোলায়মান আলীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।সোলায়মান আলী জবানবন্দিতে বলেন, একাত্তরের ২০ এপ্রিল দুপুরে পাকিস্তানি সেনারা পাঁচবিবি হাটে বৃষ্টির মতো গুলি ছোড়ে। তিনি এ সময় গো-হাটিতে ছিলেন। পাকিস্তানি সেনাদের সঙ্গে ছিলেন শান্তি কমিটির নেতা আবদুল আলীম ও জায়বর আলী আকন্দ। পাকিস্তানি সেনারা সেখানে অনেককে গুলি করে হত্যা করে। তিনি বলেন, পরিস্থিতি দেখে তিনি ও তাঁর ভাতিজা সামাদ ভারতে চলে যান। ২৪ অক্টোবর তাঁরা ভারত থেকে ফেরেন। পরদিন শান্তি কমিটির সদস্য ওমর আলী মণ্ডল তাঁদের নিরাপদে চলাফেরার জন্য শান্তি কমিটির কার্যালয়ে গিয়ে পরিচয়পত্র সংগ্রহের পরামর্শ দেন। এতে তিনি সামাদকে নিয়ে ছামিরুননেছা প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শান্তি কমিটির কার্যালয়ের দিকে রওনা দেন। গো-হাটির কাছে গেলে দুজন পাকিস্তানি সেনা তাঁদের আটক করে। পরে তাঁদের জয়পুরহাট চিনিকলে স্থাপিত পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, চিনিকলের কর্ম-কর্তাদের কোয়া-র্টারে তাঁদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। ওই ঘরে আগে থেকে আরও ২৫ জন আটক ছিলেন। পাকিস্তানি সেনারা প্রতি রাতে তিন-চারজনকে চিনিকলের একটি পাকুড়গাছের নিচে নিয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করত। এভাবে আট রাতে ২৩ জনকে হত্যা করা হয়। নবম দিন দুপুরে চিনিকলের ক্লাবঘরে তাঁদের দুজনসহ অবশিষ্ট চারজনকে ডাকা হয়। সেখানে ৫০-৫৫ বছর বয়সের এক লোক কথোপকথন লিপিবদ্ধ করতেন। সেখানে একজন পাকিস্তানি কর্নেলের সামনে আলীম তাঁদের বিভিন্ন প্রশ্ন করেন। তাঁরা বাংলায় জবাব দিলে আলীম তা উর্দুতে তর্জমা করে কর্নেলকে বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (সাক্ষী) ওয়ালী খানের ন্যাপ করেন। সামাদ নিজেকে ছাত্র ইউনিয়নের মতিয়া গ্রুপের কর্মী বলে জানান। আলীম তখন কর্নেলকে বলেন, এঁদের ছাড়া যাবে না। তখন তিনি ও সামাদ হাতজোড় করে কর্নেলকে বলেন, তাঁরা আর ভারতে যাবেন না। এরপর আলীমের কথার তোয়াক্কা না করে কর্নেল বলেন, ‘আজাদ’। পরে তাঁরা দুজন মুক্তি পেয়ে আবার ভারতে চলে যান। ৭ বা ৮ ডিসেম্বর পাঁচবিবি মুক্ত হওয়ার পর তিনি দেশে ফেরেন।জবানবন্দি শেষে সোলায়মানকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। আজ বুধবার তাঁকে আবার জেরার দিন ধার্য করা হয়েছে।৬ নভেম্বর এই মামলায় জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী আবদুস সামাদ মণ্ডল। তিনিও জবানবন্দিতে প্রায় একই কথা বলেছেন।