আলীম পাকিস্তানি সেনাদের নিয়ে বাড়িতে আক্রমণ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মোস্তাফিজুর রহমান চৌধুরী। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে আলীম পাকিস্তানি সেনাদের নিয়ে তাঁদের বাড়িতে আক্রমণ করেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোস্তাফিজুর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।জবানবন্দিতে মোস্তাফিজুর রহমান বলেন, তাঁদের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানার দমদমা গ্রামে। তাঁর বাবা মেহের উদ্দিন চৌধুরী পাঁচবিবি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সত্তরের সাধারণ নির্বাচনে তাঁর বাবা, তাঁরা তিন ভাই আওয়ামী লীগ প্রার্থী মফিজ চৌধুরীর এজেন্ট ছিলেন। মফিজ চৌধুরীর প্রতিদ্বন্দ্বী ছিলেন কনভেনশন মুসলিম লীগের আবদুল আলীম। ওই নির্বাচনে আলীম পরাজিত হন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরের ২০ এপ্রিল পাঁচবিবিতে পাকিস্তানি সেনারা ঢোকে। যেহেতু তাঁরা পারিবারিকভাবে নির্বাচনে আলীমের বিরুদ্ধে কাজ করেছেন, তাই সেদিন বিকেলে আলীম সেনাদের নিয়ে তাঁদের বাড়িতে আক্রমণ করেন। বাড়ির মালামাল লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই সময় তিনি জয়পুরহাট শহরে ছিলেন। বন্ধু আনিসুর রহমানের কাছ থেকে তিনি বাড়িতে আক্রমণের খবর পান। তিনি শোনেন, তাঁদের বাড়িতে হামলার কারণে ওই দিন সন্ধ্যায় সাধারণ জনগণ আলীমের বাড়িতেও আক্রমণ করে। কিন্তু আলীম পালিয়ে যান।মোস্তাফিজুর রহমান বলেন, খবর শুনে তিনি বিভিন্ন এলাকা ঘুরে গ্রামে গিয়ে ভস্মীভূত বাড়ি দেখেন। গ্রামের পাশে ছোট যমুনা নদীর কাছে গিয়ে তিনি জেঠাতো ভাই শামসুল হুদা চৌধুরীর সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত জানেন। পরদিন তাঁর জেঠাতো ভাই ভারতে চলে গেলে তিন-চার দিন পর তিনিও ভারতে যান। ভারতে নারায়ণপুর শরণার্থী শিবিরে তিনি বাবা-মাকে খুঁজে পান। দেশ স্বাধীন হলে তাঁরা দেশে ফেরেন। তিনি বলেন, তিনি শুনেছেন, একাত্তরের ২০ এপ্রিল আলীম ঘোড়াঘাট থেকে পাকিস্তানি সেনাদের আমন্ত্রণ জানিয়ে পাঁচবিবিতে আনেন। পাকিস্তানি সেনাদের হামলায় পাঁচবিবি বাজারে অনেক লোক নিহত হয়। তাঁদের মধ্যে ননী কুণ্ড ও ছাত্তার পাগলের নাম তিনি শুনেছেন।জবানবন্দি শেষে মোস্তাফিজুর রহমানকে জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় যুক্তি উপস্থাপিত হয়নি: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপিত হয়নি। আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত না থাকায় ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য আজ মঙ্গলবার দিন পুনর্নির্ধারণ করেন।