আলীম মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনায় ছিলেন: রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনায় ছিলেন বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ বলেছে, তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করেছে পাকিস্তানি সেনাবাহিনী, শান্তি কমিটি ও রাজাকাররা।
আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনের দ্বিতীয় দিনে গতকাল রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত এসব কথা বলেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই যুক্তি উপস্থাপন চলছে। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
রানা দাশগুপ্ত গতকাল আলীমের বিরুদ্ধে আনা তৃতীয় এবং ষষ্ঠ থেকে ১১তম অভিযোগের বিষয়ে যুক্তি দেন। কৌঁসুলি জানান, রাষ্ট্রপক্ষ চতুর্থ ও পঞ্চম অভিযোগের সপক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারেনি।
যুক্তিতে কৌঁসুলি তৃতীয় অভিযোগের বিষয়ে বলেন, একাত্তরের ১৮ জুন আলীমের নির্দেশ ও প্ররোচনায় মুক্তিযুদ্ধের পক্ষের ও আওয়ামীপন্থী ২৮ জনকে চিহ্নিত করে নির্যাতন চালালে ২২ জন মারা যান, বাকি ব্যক্তিরা পালাতে সক্ষম হন। রাষ্ট্রপক্ষের ১৫ ও ১৯তম সাক্ষীর সাক্ষ্যে এই অভিযোগ প্রমাণিত হয়েছে।
রানা দাশগুপ্ত বলেন, আলীমের বিরুদ্ধে ষষ্ঠ অভিযোগের (মে মাসে আলীমের নির্দেশে নয়জনকে হত্যা) বিষয়ে রাষ্ট্রপক্ষের দ্বিতীয়, নবম ও ১৭তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সপ্তম অভিযোগের (২৬ মে আলীমের পরামর্শ ও নির্দেশে জয়পুরহাটের পাঁচবিবির নওদা গ্রামের চারজনকে হত্যা) বিষয়ে রাষ্ট্রপক্ষের ১৬ ও ১৮তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। অষ্টম অভিযোগ (১০ জনকে খঞ্জনপুর কুঠিবাড়ি ঘাট এলাকায় নিয়ে হত্যা) রাষ্ট্রপক্ষের প্রথম, তৃতীয় ও ১১তম সাক্ষীর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, নবম অভিযোগের (১৪ জুন আলীমের নির্দেশে ১৫ যুবককে ধরে পশ্চিম আমাত্রা গ্রামে নিয়ে নির্যাতন ও হত্যা করে গণকবর দেওয়ার) ঘটনাটি রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যে এসেছে। দশম অভিযোগের (মুক্তিযোদ্ধা সন্দেহে আটক ২৬ জনের সঙ্গে আলীমের ছবি তোলার পর তাঁদের জয়পুরহাট কলেজে নিয়ে হত্যা) পক্ষে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী এবং ওই ছবির চিত্রগ্রাহক ২২তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। একাদশ অভিযোগের (১৯ ব্যক্তিকে শান্তি কমিটির কার্যালয়ে নিয়ে আটকে রাখা এবং তাঁদের ছাড়াতে যাওয়া আত্মীয়দেরসহ খঞ্জনপুর কুঠিবাড়ি সেতুর কাছে নিয়ে হত্যা) পক্ষে রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
রানা দাশগুপ্ত বলেন, একাত্তরে আলীম বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রে ছিলেন। তিনি এসব অপরাধের পরিকল্পনা করতেন এবং পাকিস্তানি সেনা, শান্তি কমিটি ও রাজাকাররা তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করেছে। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।