
বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোজাফরের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জবানবন্দিতে মোজাফফর বলেন, একাত্তরের এপ্রিল মাসের শেষ দিকে তিনি পাশের গ্রাম কড়ই কাদিপুরে গুলির শব্দ শোনেন। এর দুই-তিন দিন পর ওই গ্রামের লোকদের মুখে শোনেন, পাকিস্তানি সেনা ও বিহারিরা ওই গ্রামের লোকদের হত্যা করেছে। গ্রামের মানুষ পরে মৃতদেহ মাটিচাপা দেয়। এরপর কড়ই কাদিপুরে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
আসামিপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরে তিনি পাশের গ্রাম শাহপাড়া থেকে সরিষার তেল আনতেন। জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম দিকে তিনি শাহপাড়া যাওয়ার পথে গ্রামের মুসা মাওলানার সঙ্গে দেখা হয়। তিনিও তাঁর জন্য তেল আনতে বলেন। এ সময় মুসা বাড়িতে ঢুকলে কিছুক্ষণ পর তিনিও ওই বাড়িতে ঢোকেন। তিনি ওই বাড়িতে একজনকে দেখে মুসার কাছে তাঁর পরিচয় জানতে চান। মুসা জানান, ওই ব্যক্তির নাম আলীম। তিনি নিরাপত্তার জন্য নিজ এলাকা ছেড়ে সপরিবারে তাঁর বাড়িতে আত্মগোপন করেছেন। তিনি (মুসা) জয়পুরহাট শহরের মাছুয়া বাজার জামে মসজিদের ইমাম। আলীম ওই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন।
জবানবন্দি শেষে মোজাফফর হোসেনকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। একপর্যায়ে রানা দাশগুপ্ত মত দেন, আলীমের পরিবারের সঙ্গে আপনাদের পারিবারিক ঘনিষ্ঠতা থাকায়, রাজনৈতিক আদর্শে মিল থাকায় এবং তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে বাঁচাতে তাঁর পক্ষে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।
জেরার শেষ পর্যায়ে ট্রাইব্যুনাল সাক্ষীর কাছে জানতে চান, আলীমকে একাত্তরের পর আবার কবে দেখেছেন? জবাবে তিনি বলেন, মুসা মাওলানার বাড়িতে তিনি আলীমকে প্রথম দেখেন। এরপর মন্ত্রী হওয়ার পর দেখেন।
মোজাফফর হোসেনের জেরা শেষে এই মামলায় আসামিপক্ষের শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়।
কায়সারকে জিজ্ঞাসাবাদ: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে গতকাল জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার সূত্র জানায়, কায়সারকে তাঁর বনানীর বাসায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় কায়সারের পক্ষে একজন আইনজীবীও সেখানে ছিলেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জহুরুল হককে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।
গত ২৯ আগস্ট জহুরুল হক এই ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৪ মে নিজামীর নির্দেশে পাকিস্তানি সেনারা পাবনার সাঁথিয়া থানার বাউশগাড়ি গ্রামের প্রায় ৪০০ নারী-পুরুষকে গুলি করে হত্যা করে।